যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের আশঙ্কায় বিশ্ব শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি খাতের শেয়ারে বিক্রির চাপ বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে একটি তদন্তের ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এ তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। সম্ভাব্য শুল্কের তালিকায় চীন ও ইউরোপীয় ইউনিয়নও রয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার এশিয়া ও জাপান বাদে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারের এমএসসিআই সূচক ৩ দশমিক ২ শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে সর্বোচ্চ ৫ দশমিক ৩ শতাংশ এবং তাইওয়ানের বাজারে সর্বোচ্চ ৫ দশমিক ১ শতাংশ পতন দেখা যায়। জাপানের নিক্কেই সূচকও দিনের একপর্যায়ে ২ দশমিক ৯ শতাংশ পর্যন্ত কমে যায়।
যুক্তরাষ্ট্রের বাজারেও আগের দিন দরপতন হয়েছে। মঙ্গলবার ওয়াল স্ট্রিটে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ১ দশমিক ৫ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০ দশমিক ৫ শতাংশ কমেছে। তবে ডাও জোন্স সূচক ০ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
প্রযুক্তি খাতের শেয়ারে দুর্বলতা বাজারের পতনকে আরও ত্বরান্বিত করেছে। চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমেছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারও ৬ দশমিক ৫ শতাংশ কমে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) দামের নিচে নেমে গেছে। এআই খাতে বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।
চীনের শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। বুধবার দিনের প্রথম ভাগে সাংহাই কম্পোজিট সূচক ১ শতাংশ এবং সিএসআই ৩০০ সূচক ১ শতাংশ কমেছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি খাতের শেয়ারে বেশি দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্ক এবং চীনের প্রযুক্তি খাতে মার্কিন বিধিনিষেধ বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।
এদিকে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে। দেশটির ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশের অপেক্ষায় রয়েছেন বাজারসংশ্লিষ্টরা। এ তথ্যের ওপর ভিত্তি করে ফেডারেল রিজার্ভের আগামী দিনের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নতুন হিসাব-নিকাশ হতে পারে।
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য নতুন শুল্ক, প্রযুক্তি খাতের অনিশ্চয়তা এবং সুদের হার নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয় একসঙ্গে বিশ্ববাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা কমিয়ে দিয়েছে। ফলে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ও অর্থনৈতিক তথ্য বিশ্ববাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: রয়টার্স।