ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস, রাজনৈতিক বিবর্তন ও বিশিষ্ট ব্যক্তিদের বংশপরিচয় নিয়ে রচিত প্রাচীন গ্রন্থ ‘আনসাব আল-আশরাফ’-এর পূর্ণাঙ্গ ফারসি অনুবাদ প্রকাশিত হয়েছে। ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে ১৩ খণ্ডের এই অনুবাদগ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৪ নভেম্বর)।
ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে শিক্ষক, ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। কয়েক বছরের গবেষণা ও অনুবাদ প্রচেষ্টার পর গ্রন্থটি ফারসি ভাষাভাষী পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
গ্রন্থটির মূল রচয়িতা আহমদ ইবনে ইয়াহইয়া আল-বালাধুরি। তিনি তৃতীয় হিজরি শতকের একজন প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ, বংশতাত্ত্বিক ও হাদিসবিশারদ ছিলেন। ইসলামের সূচনাপর্বের রাজনৈতিক ইতিহাস, আরব সমাজের বিকাশ এবং বিভিন্ন গোত্র ও পরিবারের পরিচিতি অনুসন্ধানে তাঁর রচনাগুলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হিসেবে বিবেচিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রীর উপদেষ্টা সাইয়্যেদ আহমদরেজা খাজরি বলেন, ইতিহাস, সাহিত্য, কবিতা ও বংশতত্ত্বসহ জ্ঞানের নানা শাখায় আল-বালাধুরির অবদান রয়েছে। তাঁর মতে, আল-বালাধুরির ইরানি শিকড় এবং পারস্য সংস্কৃতির প্রতি আগ্রহ আরব ও ইরানি জ্ঞানচর্চার মধ্যে ঐতিহাসিক সেতুবন্ধ তৈরি করেছে।
খাজরি জানান, ‘আনসাব আল-আশরাফ’ লেখকের সবচেয়ে বিস্তৃত ও গুরুত্বপূর্ণ কাজ। মূল গ্রন্থটি প্রায় ২০ খণ্ডের হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। পরবর্তী সময়ে সংরক্ষিত অংশগুলো সম্পাদনা করে সিরীয় গবেষক সুহাইল জাকার ১৩ খণ্ডে প্রকাশ করেন। এবারের ফারসি অনুবাদের ভিত্তি হিসেবে তাঁর সম্পাদিত সংস্করণ ব্যবহার করা হয়েছে।
অনুষ্ঠানে ধ্রুপদি ঐতিহাসিক গ্রন্থ অনুবাদের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে। খাজরির মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের ফলে ভুল ও মনগড়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। এমন পরিস্থিতিতে নির্ভরযোগ্য গবেষণা ও প্রামাণ্য ঐতিহাসিক উপাদান মাতৃভাষায় সহজলভ্য করা অত্যন্ত জরুরি।
শুধু বংশতালিকা নয়, প্রাচীন ইসলামের ইতিহাসের দলিল
তেহরান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও নথিপত্র কেন্দ্রের প্রধান রাসুল জাফারিয়ান বলেন, ‘আনসাব আল-আশরাফ’কে কেবল বংশপরিচয়ের বই হিসেবে দেখলে এর প্রকৃত গুরুত্ব বোঝা যাবে না। এতে ইসলামের প্রাথমিক যুগের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তিত্ব সম্পর্কে এমন তথ্য রয়েছে, যা অন্যান্য ঐতিহাসিক উৎসে সহজে পাওয়া যায় না।
বিশেষ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পরিবার, বনু হাশিম, তালিবি ও আলাভি বংশের বিভিন্ন বিবরণ গ্রন্থটিতে স্থান পেয়েছে। এসব তথ্যের মাধ্যমে প্রাথমিক ইসলামের সামাজিক ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে নতুনভাবে অনুসন্ধানের সুযোগ তৈরি হয়।
জাফারিয়ান আরও বলেন, আশুরার ঘটনা এবং ইসলামের প্রথম দিকের রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণেও বইটির বিশেষ গুরুত্ব রয়েছে। পাশাপাশি সিস্তান, ফার্স ও কেরমান অঞ্চলে খারিজিদের উপস্থিতি ও কর্মকাণ্ড সম্পর্কেও এতে মূল্যবান ঐতিহাসিক তথ্য পাওয়া যায়।
ইতিহাস লেখার ভিন্নধর্মী পদ্ধতি
গ্রেট ইসলামিক এনসাইক্লোপিডিয়ার সুপ্রিম সায়েন্টিফিক কাউন্সিলের সদস্য আলী বাহরামিয়ান গ্রন্থটির ইতিহাস রচনার পদ্ধতি তুলে ধরেন। তাঁর মতে, আল-বালাধুরি প্রচলিত কালানুক্রমিক ধারার পরিবর্তে বংশপরিচয় ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে ঐতিহাসিক ঘটনাবলি বিন্যস্ত করেছেন। পরবর্তী সময়ে আল-তাবারির মতো ইতিহাসবিদদের রচনায় যে ধারাবাহিক সময়ভিত্তিক বিবরণ দেখা যায়, আল-বালাধুরির পদ্ধতি ছিল তার চেয়ে আলাদা।
১০ অনুবাদকের দীর্ঘ প্রচেষ্টা
অনুবাদ প্রকল্পের প্রধান জাভাদ আসগারি জানান, কয়েক বছর ধরে চলা এ কাজে তেহরান বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও মানবিক বিজ্ঞান অনুষদের ১০ জন অনুবাদক যুক্ত ছিলেন।
তিনি বলেন, মূল আরবি ভাষার জটিলতা এবং গ্রন্থে ব্যবহৃত বিপুলসংখ্যক কবিতা অনুবাদের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তাঁর হিসাব অনুযায়ী, গ্রন্থটির প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ অংশজুড়ে কবিতা রয়েছে। এসব কবিতার অনেকগুলোই তৎকালীন সমাজ, সংস্কৃতি ও রাজনৈতিক পরিস্থিতি বোঝার ক্ষেত্রে ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
নেগারেস্তান আন্দিশেহ প্রকাশনী থেকে প্রকাশিত ১৩ খণ্ডের এই ফারসি সংস্করণ গবেষক ও সাধারণ পাঠক—উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের আশা, এর মাধ্যমে ইসলামের প্রাথমিক ইতিহাস এবং আরব-ইরানি সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে গবেষণার নতুন সুযোগ তৈরি হবে।
সূত্র: প্রেস টিভি।
বাইসাইকেলের মান ও ব্যবহারিক সুবিধা যাচাই করতে নিজেই সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব
ইরানের সশস্ত্র বাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ভাহিদি
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি