বিশ্বের ১৬টি অঞ্চলে আগামী ছয় মাসে খাদ্যসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। সংঘাত, বাস্তুচ্যুতি, অর্থনৈতিক সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি ও বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকায় লাখো মানুষের খাদ্যনিরাপত্তা আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, নাইজেরিয়ার উত্তরাঞ্চল ও ইয়েমেন। এসব অঞ্চলের কয়েকটিতে দুর্ভিক্ষের আশঙ্কাও তৈরি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) প্রকাশিত যৌথ প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ‘হাঙ্গার হটস্পটস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মে পর্যন্ত বিশ্বের ১৬টি ক্ষুধাপ্রবণ এলাকায় খাদ্যসংকট উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। গত জুনে প্রকাশিত প্রতিবেদনে এমন ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা ছিল ১৩।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি উদ্বেগের তালিকায় থাকা পাঁচটি অঞ্চলের মধ্যে সুদান ও দক্ষিণ সুদানের কয়েকটি এলাকায় দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে। সুদানের উত্তর দারফুর ও দক্ষিণ কর্দোফান অঞ্চলের ১৩টি এলাকায় ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা করা হয়েছে। দক্ষিণ সুদানের কয়েকটি এলাকাতেও পরিস্থিতির অবনতি হলে ভয়াবহ খাদ্যসংকট তৈরি হতে পারে।
সোমালিয়ার পরিস্থিতিও নাজুক। দেশটিতে বর্তমানে কোনো জনগোষ্ঠীকে দুর্ভিক্ষের সর্বোচ্চ পর্যায়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়নি। তবে বাস্তুচ্যুত মানুষের বসবাসের এলাকা বাইদোয়ায় খাদ্যসংকট এখনো জরুরি পর্যায়ে রয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চল ও ইয়েমেনেও সংঘাত এবং অর্থনৈতিক সংকটের কারণে খাদ্যের অভাব আরও বাড়তে পারে।
এফএও ও ডব্লিউএফপির বিশ্লেষণে বলা হয়েছে, ১৬টি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ১২টিতেই খাদ্যসংকটের অন্যতম প্রধান কারণ সংঘাত ও সশস্ত্র সহিংসতা। যুদ্ধের কারণে মানুষের ঘরবাড়ি ও জীবিকা হারানো, কৃষিকাজ ব্যাহত হওয়া এবং খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
নতুন করে তালিকায় যুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশ, মধ্য আমেরিকার শুষ্ক করিডর, উত্তর-পূর্ব উগান্ডা ও চাদ। অন্যদিকে আগের তালিকায় থাকা লেবানন এবার বাদ পড়েছে।
নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার এসওয়াতিনি, মালাউই, মোজাম্বিক, জাম্বিয়া ও জিম্বাবুয়ে রয়েছে। মধ্য আমেরিকার শুষ্ক করিডর এবং উত্তর-পূর্ব উগান্ডাও নতুন করে উদ্বেগের তালিকায় এসেছে। সুদানের সংঘাতের প্রভাব প্রতিবেশী দেশ চাদেও খাদ্যসংকট বাড়াচ্ছে।
এবারের পরিস্থিতি অবনতির পেছনে জলবায়ুর প্রভাবও গুরুত্বপূর্ণ। শক্তিশালী হয়ে ওঠা এল নিনো আবহাওয়াগত পরিস্থিতি দক্ষিণ আফ্রিকায় খরা ও অতিরিক্ত তাপপ্রবাহের আশঙ্কা বাড়াচ্ছে। এতে কৃষি উৎপাদন ও আসন্ন ফসলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। জিম্বাবুয়েতে ৩০ লাখ, মালাউইয়ে ২৬ লাখ এবং মোজাম্বিকে ১৮ লাখ মানুষ উচ্চমাত্রার খাদ্যসংকটের মুখে পড়তে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে মধ্য আমেরিকার শুষ্ক করিডরে ২০২৬ সালের প্রথম ফসল মৌসুম গত চার দশকের মধ্যে সবচেয়ে শুষ্ক ছিল। কয়েকটি এলাকায় ফসলের ক্ষতির পরিমাণ ৭৫ শতাংশ ছাড়িয়েছে। ফলে আগামী বছরের খাদ্যসংকট আরও আগেই শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
খাদ্যসংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়াও পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ঝুঁকিতে থাকা পাঁচ অঞ্চলে খাদ্যনিরাপত্তা ও পুষ্টি সহায়তার জন্য আন্তর্জাতিক অর্থায়ন ২০২২ সালের ৫১০ কোটি ডলার থেকে ২০২৫ সালে কমে ২০০ কোটি ডলারে নেমেছে। অর্থাৎ তিন বছরে সহায়তা কমেছে প্রায় ৬২ শতাংশ।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে দ্রুত খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছানোর পাশাপাশি কৃষি উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থা দুটি। একই সঙ্গে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছানোর নিরাপদ ও নির্বিঘ্ন সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জাতিসংঘের সংস্থাগুলোর মতে, সময়মতো সহায়তা, কৃষকদের জন্য বীজ ও কৃষি উপকরণ সরবরাহ এবং সংঘাত নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে আসন্ন খাদ্যসংকটের ভয়াবহতা অনেকটাই কমানো সম্ভব।
সূত্র: এসোসিয়েট প্রেস।