হন্ডুরাসে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৯, আহত ২৮

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।

শনিবার (২৮ নভেম্বর) দেশটির কোমায়াগুয়া বিভাগে একটি পাহাড়ি ও আঁকাবাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে লা এসপেরানজা শহরের দিকে যাচ্ছিল।

হন্ডুরাসের দমকল বিভাগের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বাসচালক, তিনজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকর্মীদের একজন জানিয়েছেন, বাসটি খাদে পড়ে যাওয়ার সময় কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়ে যান।

ট্রান্সপোর্টে ক্যারোলিনা পরিবহন সংস্থার পরিচালনাধীন বাসটি দুর্ঘটনার শিকার হয়।

মধ্য আমেরিকায় সাম্প্রতিক সময়ে একের পর এক প্রাণঘাতী বাস দুর্ঘটনার ঘটনা ঘটছে। এরই মধ্যে হন্ডুরাসে সর্বশেষ এ দুর্ঘটনা ঘটল।

সূত্র: রয়টার্স