ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলায় দ্রুতগতির একটি এসইউভির সঙ্গে সামনে থাকা অন্য একটি গাড়ির সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।
রাঁচি-পাটনা মহাসড়কের কুজু এলাকার পেইনকি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। রামগড়ের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
রামগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন বার্তা সংস্থা পিটিআইকে বলেন, স্করপিও গাড়িতে তিন নারীসহ মোট ১৩ জন ছিলেন। সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। গাড়ির সব যাত্রীই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।
তিনি জানান, নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হবে। দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন চিকিৎসক অনিল কুমার পিটিআইকে বলেন, রাত প্রায় ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে ১৪ জন ছিলেন। রাত আড়াইটার দিকে তাঁদের সবাইকে রামগড় সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ভারত ভ্রমণে মানতে হয় যেসব অলিখিত নিয়ম