ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) এবং অভিবাসনবিরোধী নীতির সমালোচকদের শনাক্ত ও নজরদারির অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)।

সংগঠনটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি শ্রেণিগত মামলা (ক্লাস-অ্যাকশন) দায়ের করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ গোপন গ্র্যান্ড জুরি সমন ব্যবহার করে অনলাইনে ছদ্মনামে অভিবাসন নীতির সমালোচনা করা ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও তদন্ত করছে।

শুক্রবার (২৭ নভেম্বর) এসিএলইউ জানায়, ‘ইনভেস্টিগেশন ১৮’ নামে পরিচালিত একটি তদন্তের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। সংগঠনটির দাবি, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচকদের লক্ষ্য করেই এই তদন্ত চালানো হচ্ছে।

আদালতের সম্প্রতি প্রকাশিত নথি অনুযায়ী, ব্যবহারকারীদের পরিচয়সংক্রান্ত তথ্য চেয়ে ব্লুস্কাই, এক্স ও মেটার কাছে সমন পাঠিয়েছে কর্তৃপক্ষ। এসব তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীদের নাম, ঠিকানা ও ফোন নম্বর।

নিজেদের পরিচয় গোপন রাখতে ছদ্মনামে মামলা করা চার বাদীর অভিযোগ, এ তদন্ত যুক্তরাষ্ট্রের সংবিধানে স্বীকৃত তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে।

এসিএলইউর স্টাফ অ্যাটর্নি লরা মোরাফ বলেন, ‘অনলাইনে রাজনৈতিক মতামত প্রকাশের কারণে মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সরকার গ্র্যান্ড জুরি প্রক্রিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’

সংগঠনটি জানিয়েছে, প্রাথমিক আদালতি আবেদনে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ৩৫টি সমনের তথ্য পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।

আইসিইর কর্মকাণ্ড নিয়ে বাড়ছে সমালোচনা

আইসিইর অনলাইন সমালোচকদের ওপর নজরদারি নিয়ে কেন্দ্রীয় সরকারের তৎপরতা যখন বাড়ছে, ঠিক সেই সময়ে মামলাটি করা হলো।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ২০০৩ সালে অবৈধ অভিবাসন দমনের লক্ষ্যে আইসিই প্রতিষ্ঠা করা হয়।

তবে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসনবিরোধী অভিযান ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে ব্যাপক ধরপাকড়, কঠোর আইন প্রয়োগ এবং আইসিই সদস্যদের বলপ্রয়োগের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আইসিই কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনা, অভিবাসীদের আটক ও বহিষ্কারের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও সামনে এসেছে। যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসী জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার ক্রমবর্ধমান প্রয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অধিকারকর্মীরা।

এসিএলইউর দাবি, গত এক বছরে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) সংস্থাটির সমালোচনাকারীদের তথ্য সংগ্রহের জন্য শত শত প্রশাসনিক সমন জারি করেছে।

মামলার চার বাদী তদন্ত বন্ধে এবং কর্তৃপক্ষকে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ থেকে বিরত রাখতে আদালতের কাছে প্রাথমিক নিষেধাজ্ঞা চেয়েছেন।

এসিএলইউর ওয়াশিংটন ডিসি কার্যালয়ের অ্যাটর্নি লরা ফলান্সবি বলেন, ‘নাগরিকেরা যদি নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পান, তাহলে আমাদের গণতন্ত্র কার্যকর থাকতে পারে না।’