মার্কিন মানবাধিকারকর্মী মেল ডানকানকে আটক করলো ইসরায়েলি বাহিনী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

অধিকৃত পশ্চিম তীরে পুরস্কারপ্রাপ্ত মার্কিন মানবাধিকারকর্মী মেল ডানকানকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাঁর পাসপোর্টও জব্দ করা হয়েছে। ৭৬ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।

তদন্তমূলক সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) ফিলিস্তিনের আরিহার কাছাকাছি রাস আল-আউজা এলাকায় এক ফিলিস্তিনি মালিকানাধীন বাড়ি থেকে চার্টার বাসে করে যাওয়ার সময় ডানকানকে আটক করা হয়। বাসটির পথ আটকায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

প্রতিবেদনটিতে উদ্ধৃত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভিডিও ফুটেজ অনুযায়ী, শুক্রবার বিকেলে বসতি স্থাপনকারীরা বাসটির পিছু নেয়। পরে ইসরায়েলি সামরিক বাহিনী ও পুলিশের সদস্যরা বাসটি থামিয়ে ডানকানকে নামতে নির্দেশ দেন এবং তাঁকে নিজেদের হেফাজতে নেন।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে অবৈধ ইসরায়েলি বসতি মালে আদুমিমের একটি পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছিল। শনিবার সকালে তাঁর বহিষ্কারসংক্রান্ত শুনানির কথা ছিল।

ডানকানের সঙ্গে কাজ করা সংগঠন আনআর্মড সিভিলিয়ান প্রোটেকশন ইন প্যালেস্টাইন (ইউসিপিআইপি)-এর এক মুখপাত্র জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে একজন সেনা ও পুলিশ কর্মকর্তার কাজে বাধা দেওয়া, ‘অবৈধ এলাকায়’ অবস্থান এবং শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। তাদের বক্তব্য, ডানকান কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

সংগঠনটি আরও বলেছে, দীর্ঘদিন ধরে অহিংস আন্দোলন ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কাজ করা একজন অধিকারকর্মীকে আটক এবং বহিষ্কারের উদ্যোগ আন্তর্জাতিক শান্তি ও মানবাধিকারকর্মীদের সঙ্গে আচরণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

মেল ডানকান আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ননভায়োলেন্ট পিসফোর্সের সহপ্রতিষ্ঠাতা। জাতিসংঘে বিশেষ পরামর্শমূলক মর্যাদাপ্রাপ্ত এই সংস্থাটি অহিংস পদ্ধতিতে সংঘাত প্রতিরোধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কাজ করে। ডানকান ফিলিস্তিনে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কাজ করা ইউসিপিআইপিও প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। ২০০৬ সালে ম্যাকালেস্টার কলেজের ‘ডিস্টিংগুইশড সিটিজেন অ্যাওয়ার্ড’ এবং ২০০৭ সালে ‘ইন্টারন্যাশনাল ফেফার পিস অ্যাওয়ার্ড’ পান তিনি।

২০০৮ সালে মার্কিন সাময়িকী উটনে রিডার তাঁকে বিশ্বের পরিবর্তনে ভূমিকা রাখা ৫০ দূরদর্শী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে।

ইউসিপিআইপির মিশনপ্রধান আমিরা মুসল্লাম বলেছেন, ডানকানকে আটকের উদ্দেশ্য অধিকৃত পশ্চিম তীরে কাজ করা আন্তর্জাতিক অধিকারকর্মীদের নিরুৎসাহিত করা হতে পারে।

দ্য ইন্টারসেপ্ট-কে তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে পশ্চিম তীরে আসা প্রত্যেক বিদেশির ওপর এটি একটি আঘাত। পশ্চিম তীরে কী ঘটছে, তা যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পৌঁছাতে না পারে, সে কারণেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তাঁর আশঙ্কা।

অধিকৃত ভূখণ্ডে সহিংসতা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক অধিকারকর্মীদের ওপর বিধিনিষেধ বাড়ার প্রেক্ষাপটে ডানকানের আটকের ঘটনা ঘটল।

২০২৪ সালে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আন্তর্জাতিক অধিকারকর্মীদের লক্ষ্য করে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছিলেন। তিনি ওই কর্মীদের ‘নৈরাজ্যবাদী’ বলে আখ্যা দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। গত এক বছরে এসব হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামলা প্রতিরোধ ও সহিংসতা পর্যবেক্ষণে কাজ করা আন্তর্জাতিক অধিকারকর্মীদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের অভিযোগও নতুন করে সামনে এসেছে।

ডানকানের আটক ও বহিষ্কারের উদ্যোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত