ভূমিকম্পের মতো বিপদের মুহূর্তে সঙ্গীর পাশে থাকার বদলে নিজেই দৌড়ে পালিয়েছিলেন স্বামী। আর সেই ঘটনা এতটাই অপমানিত ও ক্ষুব্ধ করেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারীকে যে, শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আলোচনায় এসেছেন ওই নারী।
টিকটকে @evanalexisoliver অ্যাকাউন্টে ভিডিও প্রকাশ করে ওই নারী জানান, একদিন স্বামীর সঙ্গে রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছিলেন তিনি। হঠাৎ ভূমিকম্প শুরু হলে রেস্তোরাঁয় উপস্থিত লোকজন নিজেদের সঙ্গীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে তৎপর হন। কেউ টেবিলের নিচে আশ্রয় নেন, আবার কেউ নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।
কিন্তু ওই নারীর স্বামী তাদের টেবিল থেকে উঠে দ্রুত রেস্তোরাঁর অন্য প্রান্তে চলে যান। সেখানে একটি দরজার পাশে গিয়ে আশ্রয় নিলেও স্ত্রীর দিকে ফিরে তাকাননি বলে দাবি করেন তিনি। স্বামী হয়তো ভেবেছিলেন, স্ত্রী তাকে পালিয়ে যেতে দেখেননি। কিন্তু ওই নারী পুরো ঘটনাটি নিজের চোখেই দেখেছেন।
ভূমিকম্প থেমে যাওয়ার পর রেস্তোরাঁর একজন কর্মী ওই নারীর কাছে এসে জানতে চান, তিনি ঠিক আছেন কি না। ওই নারী জানান, তিনি ঠিক আছেন। তখন রেস্তোরাঁর কর্মীও স্বামীর এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন। তার মন্তব্য ছিল, স্বামী এভাবে তাকে একা ফেলে চলে যাওয়াটা বেশ অদ্ভুত।
ওই নারী বলেন, ঘটনাটি তাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল। শুধু স্বামীর আচরণই নয়, অন্যদের সামনে এমন পরিস্থিতিতে পড়াও তার কাছে অপমানজনক মনে হয়েছিল। তার ভাষায়, বিপদের মুহূর্তে স্বামী তাকে একবারও বিবেচনায় নেননি; ভূমিকম্প শুরু হতেই নিজের নিরাপত্তার জন্য ছুটে গেছেন, যেন স্ত্রী তার কাছে গুরুত্বহীন।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই নারীর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভিডিওটি ১৩ লাখের বেশি বার দেখা হয় এবং প্রায় দুই লাখ লাইক পায়। মন্তব্যে অনেকেই নিজেদের সম্পর্কের এমন অভিজ্ঞতা তুলে ধরেন, যা তাদের বিবাহ বা সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল।
কেউ বিপদের সময় সঙ্গীর দায়িত্বহীন আচরণের কথা বলেছেন, আবার কেউ ঘটনাটিকে ২০১৪ সালের সুইডিশ চলচ্চিত্র Force Majeure–এর কাহিনির সঙ্গে তুলনা করেছেন। ওই চলচ্চিত্রেও তুষারধসের সময় পরিবারের সদস্যদের রেখে স্বামীর পালিয়ে যাওয়ার ঘটনা পারিবারিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে।
ওই নারী অবশ্য জানান, ভূমিকম্পের ঘটনাটিই তার বিবাহবিচ্ছেদের একমাত্র কারণ নয়। তবে এটি তার সম্পর্ক নিয়ে ভাবনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হয়ে উঠেছিল।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট