ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে খনিশ্রমিকদের বহনকারী একটি শাটল বাসে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) কাজ শেষে ফেরার পথে শ্রমিকদের ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও জ্বালানি কর্তৃপক্ষ।
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গাঞ্জা জানান, একটি শিল্পপ্রতিষ্ঠানের বাস লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে (DTEK) নিশ্চিত করেছে যে, বাসটিতে তাদের খনিশ্রমিকরা ছিলেন। সংস্থাটির দাবি অনুযায়ী নিহতের সংখ্যা ১৫, তবে আঞ্চলিক প্রশাসন প্রাথমিকভাবে ১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। হামলায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন।
একই দিনে ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ হামলায় আরও অন্তত ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি মাতৃসদনে ড্রোন হামলার ঘটনা তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ জানান, প্রসবকালীন সময়ে দুই নারীসহ ছয়জন এই হামলায় আহত হয়েছেন। তিনি একে ‘জীবনের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ’ বলে আখ্যায়িত করেন। হাসপাতালের কক্ষের ভেতরে ছড়িয়ে থাকা কাঁচ ও ধ্বংসাবশেষের ছবি পোস্ট করে তিনি রুশ বর্বরতার নিন্দা জানান।
উল্লেখ্য, জানুয়ারিতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ধারাবাহিক হামলার ফলে দেশটিতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া হাড়কাঁপানো শীতের মধ্যে এই হামলা সাধারণ মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।