ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইতালির প্রধানমন্ত্রী

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

বুধবার (১১ মার্চ) ইতালির সিনেটে দেওয়া এক ভাষণে তিনি এই কড়া মন্তব্য করেন। 

উল্লেখ্য, মেলোনিকে সাধারণত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়।

সিনেট সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মেলোনি বর্তমান বৈশ্বিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে বর্তমানে এক ভয়াবহ আন্তর্জাতিক সংকট চলছে। হুমকিগুলো ক্রমশ আতঙ্কজনক হয়ে উঠছে এবং আন্তর্জাতিক আইনের সীমানা লঙ্ঘন করে একতরফা সামরিক হস্তক্ষেপের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।’

ইতালির প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানি শাসনের বিরুদ্ধে পরিচালিত এই মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান মূলত সেই বৃহত্তর বৈশ্বিক অস্থিরতারই একটি অংশ। তিনি মনে করেন, এ ধরনের পদক্ষেপ বিশ্বশান্তির জন্য বড় হুমকি।

এর আগে মেলোনিকে ট্রাম্প প্রশাসনের নীতির জোরালো সমর্থক হিসেবে দেখা গেলেও, ইরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ইস্যুতে তার এই কঠোর অবস্থান বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: এপি