ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার বিধ্বংসী সামরিক সংঘাত আজ ১৪তম দিনে পা দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য যখন বারুদের স্তূপে দাঁড়িয়ে, তখন এই যুদ্ধে অংশ না নেওয়ার সাফ ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বার্লিনের এই লড়াইয়ে জড়ানোর কোনো ইচ্ছা নেই।
শুক্রবার (১৩ মার্চ) নরওয়ে সফররত অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চ্যান্সেলর মের্জ এই কঠোর অবস্থানের কথা জানান।
তিনি বলেন, ‘জার্মানি এই যুদ্ধের অংশ নয় এবং আমরা কোনোভাবেই এর অংশ হতে চাই না।’
বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে কোনো প্রকার সামরিক সুরক্ষা বা সহায়তা দেওয়ার পরিকল্পনাও জার্মানির নেই বলে তিনি নিশ্চিত করেন। অথচ সম্প্রতি ওই এলাকায় একাধিক ইরানি হামলার ঘটনা বিশ্বব্যাপী উদ্বেগের জন্ম দিয়েছে।
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির এই নিরপেক্ষ অবস্থান ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের কাছ থেকে এই যুদ্ধে সক্রিয় সমর্থন প্রত্যাশা করছিল। হরমুজ প্রণালির অবরুদ্ধ অবস্থা বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিলেও বার্লিন সরাসরি কোনো সামরিক ঝুকি নিতে চাইছে না।