ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নতুন আক্রমণের সূচনা

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম বৃহত্তম আকাশপথের হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৯৪৮টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো, যা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। একে রাশিয়ার সম্ভাব্য নতুন বসন্তকালীন অভিযানের (Spring Offensive) শুরু হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (২৪ মার্চ) দিনের আলোতে চালানো এই বিরল হামলায় ইভানো-ফ্রাঙ্কিভস্ক এবং ভিনিৎসিয়া অঞ্চলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আগের রাতের অভিযানে আরও পাঁচজন নিহত হয়। পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত ১৭শ শতাব্দীর সেন্ট অ্যান্ড্রুজ চার্চের পাশের একটি ঐতিহাসিক ভবন ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো একে জনাকীর্ণ এলাকায় রাশিয়ার নির্মম হামলা হিসেবে অভিহিত করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদেশগুলোর কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ও গোলাবারুদ চেয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সাথে যুদ্ধে মনোনিবেশ করায় কিয়েভ ক্ষেপণাস্ত্র সংকটে পড়তে পারে। ফ্লোরিডায় চলমান নিরাপত্তা গ্যারান্টি চুক্তি নিয়ে আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি, যা জেলেনস্কির মতে বর্তমান ভূ-রাজনৈতিক জটিলতার কারণে থমকে আছে।

ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (ISW) এবং ইউক্রেনীয় সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি নিশ্চিত করেছেন যে, রাশিয়া সম্মুখ সমরে ভারী অস্ত্রশস্ত্র ও অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। গত চার দিনে রাশিয়া ৬১৯ বার আক্রমণের চেষ্টা চালিয়েছে। কাদা ও বরফ গলে যাওয়ার সাথে সাথে রাশিয়া প্রতি বছরই এই সময়ে তাদের অভিযানের তীব্রতা বৃদ্ধি করে, যদিও এখন পর্যন্ত তারা বড় কোনো শহর দখল করতে সক্ষম হয়নি। সূত্র: আলজাজিরা