ইরানে নতুন সংস্করণের শাহেদ ‘ড্রোন পাঠাচ্ছে’ রাশিয়া

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ড্রোন প্রযুক্তি। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া।

মূলত ইরানের তৈরি শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আসছিল মস্কো। তবে সাম্প্রতিক সময়ে এই ড্রোনে বড় ধরনের প্রযুক্তিগত উন্নয়ন আনা হয়েছে। জেট ইঞ্জিন সংযোজন, এআই-নির্ভর নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী ব্যবস্থা এবং স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ যুক্ত করে এগুলোকে আরও কার্যকর করে তুলেছে রাশিয়া। এখন সেই উন্নত সংস্করণই তেহরানের পথে।

ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকে করে এসব ড্রোন পরিবহন করা হচ্ছে। তবে চালানের পরিমাণ কিংবা এটি এককালীন নাকি ধারাবাহিক সরবরাহের অংশ তা এখনো স্পষ্ট নয়।

অভিযোগটি অবশ্য সরাসরি নাকচ করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ একে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে, হোয়াইট হাউসের পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে। মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, অন্য কোনো দেশ ইরানকে যা-ই সরবরাহ করুক না কেন, তা যুক্তরাষ্ট্রের অভিযানের সাফল্যে প্রভাব ফেলবে না। সূত্র: এপি