মধ্যপ্রাচ্যে একের পর এক হামলায় মার্কিন সামরিক উপস্থিতির ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী, সৌদি আরবে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘প্রিন্স সুলতান’ (Prince Sultan) বিমান ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ২৯ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে একাধিক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ হামলায় মিসাইল ও ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয় ‘প্রিন্স সুলতান’ বিমান ঘাঁটি। এতে ১৫ জন সেনা আহত হন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর আগে পৃথক হামলায় আরও ১৪ জন মার্কিন সেনা আহত হয়েছিলেন।
সূত্রের বরাত দিয়ে এপি জানিয়েছে, এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও মানববিহীন ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে ঘাঁটির অবকাঠামোও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই হামলাকে নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি লক্ষ্য করে ইরানের এমন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটির সামরিক ঘাঁটিতে হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: মিডল ইস্ট আই
১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া
