হামলার আগে ‘মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি’ ইরানকে দিয়েছে রাশিয়া

সৌদি আরবের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আগে রাশিয়া স্যাটেলাইট চিত্র ইরানের সঙ্গে শেয়ার করেছে এমন অভিযোগ তুলেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা; এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, হামলার আগে ক্রেমলিনের স্যাটেলাইট তিনবার আল-খারজে অবস্থিত প্রিন্স সুলতান এয়ার বেসের ছবি তোলে। তার ভাষ্য অনুযায়ী, এই ধারাবাহিক নজরদারির মধ্যেই হামলার প্রস্তুতি নেওয়া হয়, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হন।

এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ই-৩ সেন্ট্রি রাডার বিমান ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে, যার মূল্য প্রায় ৩৭০ মিলিয়ন পাউন্ড। পাশাপাশি জ্বালানি সরবরাহকারী একাধিক উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম বড় ভাঙন হিসেবে বিবেচিত হচ্ছে।

জেলেনস্কি এক সাক্ষাৎকারে বলেন, তিনি 'শতভাগ নিশ্চিত' যে রুশ গোয়েন্দা সংস্থা ইরানকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে। তিনি ব্যাখ্যা করে বলেন, প্রথমবার স্যাটেলাইট চিত্র নেওয়া হয় পর্যবেক্ষণের জন্য, দ্বিতীয়বার তা বিশ্লেষণ ও অনুশীলনের অংশ, আর তৃতীয়বারের পরই সাধারণত হামলা চালানো হয়।

তবে মস্কো এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা তেহরানকে কোনো গোয়েন্দা তথ্য দেয়নি, যদিও 'কিছু ধরনের সামরিক সরঞ্জাম' সরবরাহের কথা স্বীকার করা হয়েছে।

এদিকে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, রাশিয়া ইরানকে আক্রমণাত্মক ড্রোন সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে, যা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল ও বিস্তৃত হতে পারে। সূত্র: দ্য টেলিগ্রাফ