রাশিয়া থেকে তেল কিনছে ফিলিপাইন, বাড়বে দাম

তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়া থেকে প্রায় ২৫ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল (Crude Oil) সংগ্রহ করেছে ফিলিপাইনের একমাত্র তেল শোধনাগার সংস্থা 'পেট্রন' (Petron)। তবে এই আমদানির পরও আগামী মঙ্গলবার থেকে দেশটিতে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।

ফিলিপাইন স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক নথিতে পেট্রন জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল ও মার্কিন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের অন্তত ৪০ লক্ষ ব্যারেল তেলের চালান বাতিল হয়েছে। এই নজিরবিহীন ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার কারণে বিকল্প সব পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা জরুরি ভিত্তিতে রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে যে, অপরিশোধিত তেলের অভাবে শোধনাগার বন্ধ হয়ে গেলে দেশজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট এবং আকাশচুম্বী মূল্যবৃদ্ধি দেখা দেবে। এই শোধনাগারটি ফিলিপাইনের মোট জ্বালানি চাহিদার প্রায় ৩০ শতাংশ পূরণ করে।

২০২৪ সালের হিসাব অনুযায়ী, ফিলিপাইনে প্রতিদিন গড়ে ২,০১,৯২৭ ব্যারেল ডিজেল ব্যবহৃত হয়। গত ২৭ মার্চের সরকারি তথ্যমতে, দেশটিতে বর্তমানে ৫৩ দিনের পেট্রোল, ৪৫ দিনের ডিজেল এবং ৯৭ দিনের কেরোসিন মজুত রয়েছে। তবে এলপিজি (LPG) মজুত আছে মাত্র ২৩ দিনের। ২৮ ফেব্রুয়ারির পর থেকে ফিলিপাইনে তেলের দাম ইতিমধ্যে দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং আগামী মঙ্গলবার তা আরও এক দফা বৃদ্ধি পেতে যাচ্ছে, যা সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়িয়ে তুলবে।