গুপ্তচরবৃত্তির মত কর্মকাণ্ডের অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫৪

ইসরায়েলের কাছে তথ্য সরবরাহ ও ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরান। মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানায় আল-জাজিরা।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুগুলোর ছবি তুলে সেগুলো ‘জায়নিস্টদের মিডিয়া সদর দপ্তরে’ পাঠিয়েছে, যা ‘সংবেদনশীল অবস্থান’ শেয়ার করার মতো অনুরূপ অপরাধের শামিল।

মন্ত্রণালয়ের দাবি, বাকিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে ভাড়াটে গোষ্ঠীতে কাজ করছিল।

এর আগেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও ৯৭ জনকে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশজুড়ে অস্থিরতা তৈরি এবং শীর্ষ ব্যক্তিদের হত্যাকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ আনা হয়।