ট্রাম্পের হুমকির পর ওয়াশিংটন যাচ্ছেন ন্যাটোর মহাসচিব

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুমকির প্রেক্ষাপটে জোটের মহাসচিব মার্ক রুটে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন, যেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে বিবেচনা করছেন। ইরান যুদ্ধের সময় ব্রিটেন ও ফ্রান্সসহ মিত্ররা পাশে না দাঁড়ানোয় তিনি ক্ষোভ প্রকাশ করে জোটটিকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেন এবং বলেন, ন্যাটো থেকে বের হওয়ার সিদ্ধান্ত এখন ‘পুনর্বিবেচনারও বাইরে’।

ইউরোপীয় দেশগুলো এই সংঘাতে সরাসরি জড়াতে অনাগ্রহী, কারণ তাদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য এখনো স্পষ্ট নয়। ফলে পশ্চিমা জোটের ভেতরে কূটনৈতিক দূরত্ব ক্রমেই বাড়ছে।

রুটের সফরকে আনুষ্ঠানিকভাবে ‘আগে থেকেই নির্ধারিত’ বলা হলেও এটি এমন এক সময় হচ্ছে, যখন ট্রান্স-আটলান্টিক সম্পর্ক তীব্র চাপে রয়েছে। তাই বৈঠক ন্যাটোর ভবিষ্যৎ দিকনির্দেশনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে যাচ্ছে।

এদিকে, হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প মিত্রদের প্রতি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব তেলের ব্যবস্থা করতে বলেছে। তিনি দাবি করেন, যুদ্ধের ‘কঠিন অংশ’ ইতোমধ্যেই শেষ। সূত্র: দ্য টেলিগ্রাফ