ইরানের ‘গোটা সভ্যতা' মুছে ফেলার হুমকি অগ্রহণযোগ্য: পোপ লিও

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে পোপ চতুর্দশ লিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরল সমালোচনা করেছেন। নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, পোপ বলেছেন, ইরানের ‘পুরো সভ্যতা’ মুছে ফেলার হুমকি দেওয়া ‘সত্যিই অগ্রহণযোগ্য’।

মঙ্গলবার (৭ এপ্রিল) পোপ সরাসরি প্রেসিডেন্টের নাম উল্লেখ না করলেও, সাংবাদিকদের কাছে তার ইঙ্গিত স্পষ্ট ছিল। তিনি বলেন, 'আজ যেমনটি আমরা সবাই জানি, ইরানের পুরো জাতির বিরুদ্ধে একটি হুমকি দেওয়া হয়েছে। আর এটি সত্যিই অগ্রহণযোগ্য।'

এরপরও, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে আংশিক স্বস্তি ফিরিয়েছে। বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'বিশ্ব শান্তির জন্য আজ বেশ বড় একটি দিন!' তিনি আরও বলেন, 'ইরান চায় এটা ঘটুক, তারা আর সহ্য করতে পারছে না! একইভাবে অন্যরাও পারছে না!'

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হলে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজের জট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা করা হবে, যা অঞ্চলটির বাণিজ্য ও জ্বালানি সরবরাহে স্বস্তি আনতে সহায়ক হবে। সূত্র: নিউইয়র্ক টাইমস