ইরানি ড্রোন ঠেকাতে মধ্যপ্রাচ্যকে সহায়তা করেছে ইউক্রেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইরান থেকে ছোড়া শাহেদ ড্রোন প্রতিহত করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে সহায়তা দিয়েছে ইউক্রেন। তিনি জানান, তাদের ইন্টারসেপ্টর প্রযুক্তি ব্যবহার করে এসব ড্রোন ভূপাতিত করার সক্ষমতা প্রদর্শন করা হয়েছে।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে জেলেনস্কি এমন দেশগুলোর সঙ্গে বৈঠক করেন, যেগুলো ইরানের নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে রয়েছে। ইউক্রেন দীর্ঘদিন ধরেই শাহেদ ড্রোন মোকাবিলায় অভিজ্ঞ, যা ইরান রাশিয়াকে সরবরাহ করেছিল।

জেলেনস্কি জানান, ইউক্রেন তাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে, যাদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞও রয়েছেন। তারা বিভিন্ন দেশে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ড্রোন প্রতিরোধের কৌশল প্রদর্শন করেছেন।

তিনি বলেন, 'আমরা ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করতে পেরেছি। শুধু একটি দেশে নয়, একাধিক দেশে এই সক্ষমতা দেখানো হয়েছে। আমার দৃষ্টিতে এটি একটি সফলতা।' সূত্র: আলজাজিরা