ইরানযুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাজ্যের অবস্থান কোনোভাবেই পরিবর্তন হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনার পরও তিনি নিজের অবস্থান থেকে সরে আসবেন না এবং নতি স্বীকার করবেন না।
হাউস অব কমন্সে বক্তব্য রাখতে গিয়ে স্টারমার বলেন, শুরু থেকেই ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের অবস্থান পরিষ্কার ছিল, এবং দেশটি এই সংঘাতে জড়িয়ে পড়বে না, এটাই তাদের নীতিগত সিদ্ধান্ত। তিনি পুনর্ব্যক্ত করেন, এটি যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, এই যুদ্ধকে ঘিরে বিভিন্ন দিক থেকে চাপ তৈরি হলেও তিনি কোনোভাবেই সেই চাপের কাছে নতি স্বীকার করবেন না। তার ভাষায়, চাপ যতই আসুক, যুক্তরাজ্যের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে এবং তারা এই যুদ্ধে অংশ নেবে না।
স্টারমার বলেন, তিনি নিজের অবস্থান জানেন এবং সেই অবস্থান থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই। তার মতে, যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত একটি নীতিগত অবস্থান, যা আন্তর্জাতিক আইনের মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমারের নীতি ও অভ্যন্তরীণ ইস্যু নিয়ে সমালোচনা করেন এবং দাবি করেন, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক 'আগের মতো নেই'। ট্রাম্পের অভিযোগ ছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তে তিনি হতাশ, যা তাদের যৌথ কৌশলগত অবস্থানের ওপর প্রভাব ফেলেছে।
অন্যদিকে ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে তারা একমত নয়। তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে প্রতিদিনই আলোচনা চলছে, যা দীর্ঘদিনের 'বিশেষ সম্পর্ক'-এরই অংশ এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সূত্র: সিএনএন