ইরানে অস্ত্র না পাঠাতে সম্মত চীন: ট্রাম্প

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইরানে কোনো ধরনের অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে এবং একই সঙ্গে হরমুজ প্রণালী সংক্রান্ত ওয়াশিংটনের পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যে উদ্যোগে হরমুজ প্রণালীকে স্থায়ীভাবে উন্মুক্ত রাখার চেষ্টা করছে, তা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য প্রবাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার ভাষায়, এই পদক্ষেপ শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্য নেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, চীন এই উদ্যোগে 'খুবই খুশি' এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে আসন্ন বৈঠকের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আগামী মে মাসে বেইজিং সফরের সময় তাদের মধ্যে সরাসরি আলোচনা হবে এবং সেখানে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীন বর্তমানে সহযোগিতামূলকভাবে কাজ করছে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিভিন্ন ইস্যু সমাধানের পথে অগ্রসর হচ্ছে, যা সংঘাতের পরিবর্তে সমঝোতার দিকেই ইঙ্গিত করে।

সবশেষে ট্রাম্প ইঙ্গিত দেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে সক্ষম হলেও বর্তমান সময়ে সংলাপ ও সহযোগিতাই প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে গুঞ্জন ওঠে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ আরও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে চীন। চীনের পক্ষ থেকে এই গুঞ্জনকে অস্বীকার করা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে চীনও পাল্টা বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয়।সূত্র: সিএনএন

AS/AHA
আরও পড়ুন