ন্যাটো না ছাড়তে ট্রাম্পকে চার্লসের আহ্বান

যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরে না যাওয়ার আহ্বান জানিয়ে ঐতিহাসিক এক ভাষণে জোটটির গুরুত্ব তুলে ধরেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। মার্কিন কংগ্রেসে দেওয়া এই ভাষণকে লন্ডন-ওয়াশিংটন সম্পর্কের টানাপোড়েন কমানোর প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।

চার্লস বলেন, ইউরোপ ও আমেরিকার যৌথ জোট এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। ন্যাটো-কে তিনি শুধু সামরিক জোট নয়, বরং দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি হিসেবে তুলে ধরেন।

ভাষণে তিনি ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর কথা স্মরণ করিয়ে দেন এবং ইরান সংকট, ইউক্রেন যুদ্ধ ও পরিবেশ রক্ষার মতো ইস্যুগুলো তুলে ধরেন। বিশেষ করে ইউক্রেন-এ রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে পশ্চিমা ঐক্যের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেন।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরান যুদ্ধের সময় ইউরোপীয় মিত্ররা পাশে না থাকায় যুক্তরাষ্ট্র ন্যাটো ছাড়ার বিষয়টি বিবেচনা করছে। তিনি অতীতে ইউরোপের কম প্রতিরক্ষা ব্যয় ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা নিয়েও সমালোচনা করেছেন।

চার্লস তার বক্তব্যে সাবেক মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার-এর 'অ্যাটলান্টিক অংশীদারিত্ব' ধারণার কথা উল্লেখ করেন এবং বলেন, বর্তমান অনিশ্চিত বিশ্বে কোনো একক দেশের পক্ষে চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়।

অন্যদিকে এক নৈশভোজে ট্রাম্প দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোর তার অবস্থানের সঙ্গে চার্লস একমত। যদিও এ বক্তব্যকে অনেকেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর প্রতি পরোক্ষ সমালোচনা হিসেবে দেখছেন, কারণ তিনি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানে যোগ দেননি। সূত্র: দ্য টেলিগ্রাফ