ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেছেন, শত্রুপক্ষ যদি আবারও বোকামি করে, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে দেশটি নতুন কৌশল ও নতুন উপায়ে শত্রুদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলবে।
মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুদ্ধবিরতির সময়কালকে ইরানের সেনাবাহিনী যুদ্ধের সময় হিসেবেই বিবেচনা করেছে এবং এই সুযোগে নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করেছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, 'শত্রুপক্ষ যদি আবারও বোকামি করে, জায়নবাদীদের ফাঁদে পড়ে এবং ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালায়, তাহলে আমরা নতুন কৌশল ও নতুন উপায়ে তাদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলব।'
ইরানের শত্রুদের উদ্দেশে আকরামিনিয়া বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অবরুদ্ধ বা পরাজিত করা সম্ভব নয়।
ইরানের এই সেনা কর্মকর্তা হরমুজ প্রণালির ওপর দেশটির নিয়ন্ত্রণের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না।
আকরামিনিয়ার ভাষায়, ইরানের জনগণের প্রতি সম্মান দেখানো এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈধ অধিকার মেনে নেওয়াই শত্রুদের জন্য একমাত্র পথ।