শান্তিচুক্তি আলোচনায় সহায়তা করবে ফ্রান্স, ট্রাম্পকে ম্যাক্রোঁ'র আশ্বাস

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও সম্ভাব্য চুক্তি আলোচনাকে কেন্দ্র করে ফ্রান্স পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে ট্রাম্পের দৃঢ় প্রচেষ্টার প্রশংসা করেছেন।

ম্যাক্রোঁ বলেন, তিনি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন যে ফ্রান্স এসব প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দিতে এবং বাস্তবায়ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি আরও উল্লেখ করেন, ব্রিটেনসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে একটি আন্তর্জাতিক মিশন গঠন করা হয়েছে, যা চুক্তি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে। এই মিশনের মূল উদ্দেশ্য হবে হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ নৌপথ সচল রাখা।

তিনি আরও বলেন, সম্ভাব্য বৃহত্তর আলোচনার ক্ষেত্রেও ফ্রান্স তার দক্ষতা ও সক্ষমতা দিয়ে অবদান রাখতে প্রস্তুত, বিশেষ করে যেকোনো চুক্তির পারমাণবিক দিক নিয়ে আলোচনায় সক্রিয় ভূমিকা রাখবে প্যারিস।

লেবানন প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, তিনি ট্রাম্পের লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন এবং সেখানে একটি শক্তিশালী যুদ্ধবিরতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে লেবাননের কর্তৃপক্ষকে সহায়তায় আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সূত্র: আলজাজিরা