গ্রিসের পুলিশ হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে এক ফিলিস্তিনি নাগরিককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে।
৩৭ বছর বয়সী ওই ব্যক্তিকে স্থানীয় সময় শনিবার (৬ জুন) ক্রিট দ্বীপ থেকে আটক করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি সেখানে একটি হোটেলে কর্মরত ছিলেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সাইপ্রাসে সম্প্রতি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার হওয়া কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। একই সঙ্গে তার হামাসের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগও করা হয়েছে।
গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ক্রিটে আগামী মঙ্গলবার পৌঁছানোর কথা থাকা একটি ইসরায়েলি প্রমোদতরীকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এথেন্সের কেন্দ্রস্থলে ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ পরীক্ষাগার সরঞ্জাম ও কিছু রাসায়নিক পদার্থ উদ্ধার করেছে। কর্তৃপক্ষের ধারণা, এগুলো বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা যেতে পারে।
তবে তদন্ত এখনো চলমান থাকায় অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি বলে জানিয়েছে পুলিশ। সূত্র: আলজাজিরা