চার বছর পর সপরিবারে যুক্তরাজ্য যাচ্ছেন প্রিন্স হ্যারি

চার বছর পর প্রথমবারের মতো পুরো পরিবারকে নিয়ে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ব্রিটেনের রাজপুত্র হ্যারি। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে স্ত্রী মেগান মার্কেল ও তাদের দুই সন্তান আর্চি এবং লিলিবেটকে সঙ্গে নিয়ে নিজ দেশে ফিরবেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে উত্তর আমেরিকায় পাড়ি জমান হ্যারি ও মেগান। এরপর থেকে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন তারা। দীর্ঘদিন ধরে রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েনও প্রকাশ্যে আলোচিত বিষয় হয়ে রয়েছে।

গত কয়েক বছরে হ্যারি একাধিকবার একা যুক্তরাজ্যে গেলেও পরিবারকে নিয়ে এটাই হবে তার প্রথম সফর। এর আগে ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং ২০২৩ সালে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে দেশে ফিরেছিলেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে বাবার সঙ্গে প্রায় ১৯ মাস পর মুখোমুখি বৈঠক করেন হ্যারি। এরপর থেকেই রাজপরিবারের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে কি না, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়। হ্যারি নিজেও অতীতে পরিবারের সঙ্গে পুনর্মিলনের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।

তবে আসন্ন এই সফরে রাজা তৃতীয় চার্লস তার নাতি-নাতনিদের সঙ্গে দেখা করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সর্বশেষ ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উদ্‌যাপনের সময় তাদের সরাসরি দেখা হয়েছিল।

উল্লেখ্য, হ্যারির এই সফরটি অনুষ্ঠিত হবে ইনভিকটাস গেমস শুরুর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের সময়। আহত ও অসুস্থ সাবেক সেনাসদস্যদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা স্বয়ং প্রিন্স হ্যারি। সূত্র: সিএনএন