ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রবীণ নাগরিকদের স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সুইজারল্যান্ডের জেনেভা শহর। প্রচণ্ড গরম থেকে রেহাই দিতে শহরের কয়েকটি সিনেমা হল প্রবীণদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
উদ্যোগের আওতায় জেনেভার ছয়টি সিনেমা হলে ১৯৬১ সাল বা তার আগে জন্ম নেওয়া বাসিন্দারা বিনামূল্যে শীতাতপ নিয়ন্ত্রিত প্রদর্শনী উপভোগ করতে পারবেন। এতে করে ঘরে বা বাইরে অতিরিক্ত তাপমাত্রার ঝুঁকি থেকে কিছুটা স্বস্তি পাবেন তারা।
সিনেমা ব্যবস্থাপক লরাঁ দুতোয়া জানান, চলমান দাবদাহের মধ্যে প্রবীণদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেনেভার ৮২ বছর বয়সী বাসিন্দা দানিয়েল জিলিয়েরঁ এই উদ্যোগকে ‘চমৎকার’ বলে অভিহিত করেছেন। তার মতে, তীব্র গরমের সময়ে প্রবীণদের জন্য এমন ব্যবস্থা শুধু স্বস্তিই নয়, সামাজিক সংযোগেরও সুযোগ তৈরি করে।
ইউরোপের বিভিন্ন দেশে চলমান তাপপ্রবাহে প্রবীণরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রা বয়স্কদের জন্য হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং হৃদ্রোগজনিত জটিলতার ঝুঁকি বাড়িয়ে দেয়। এমন পরিস্থিতিতে জেনেভার এই উদ্যোগকে জনস্বাস্থ্য সুরক্ষায় একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: সিএনএন