২ লাখ ৯২ হাজার ডলারের ঘড়ি কুরিয়ারে ফেরত দিলো চোর!

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

জাপানের টোকিওতে একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার মূল্যের বিলাসবহুল হাতঘড়ি রহস্যজনকভাবে ফেরত এসেছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘড়িটি পাঠানো হয়েছে একই দোকানে। সঙ্গে ছিল হাতে লেখা একটি ক্ষমাপ্রার্থনার চিঠি। তবে ঘড়ি ফেরত এলেও চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

জাপানের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, টোকিওর নাকানো এলাকার একটি দোকানে গত সপ্তাহে ঘড়িটি চুরি হয়। রোববার সকালে সেটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দোকানে পৌঁছায়। ঘড়িটি সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড অডেমার পিগের (Audemars Piguet) তৈরি।

পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নাকানো ব্রডওয়ে শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত একটি ঘড়ির দোকানে চুরির ঘটনা ঘটে। এক ব্যক্তি ঘড়িটি দেখার এবং হাতে পরে পরীক্ষা করার আগ্রহ দেখান। পরে সুযোগ বুঝে সেটি নিয়ে দোকান থেকে পালিয়ে যান। ঘটনার সময় দোকানে দুজন কর্মচারী উপস্থিত ছিলেন। তবে তাঁরা কেউ আহত হননি।

চুরি হওয়া ঘড়িটি আইচি প্রিফেকচার থেকে একটি পার্সেলে পাঠানো হয়েছিল। পার্সেলের সঙ্গে হাতে লেখা একটি চিঠিও ছিল, যেখানে ক্ষমা চাওয়া হয়েছে। দোকানের কর্মীরা ঘড়িটির সিরিয়াল নম্বর পরীক্ষা করে নিশ্চিত হন, এটিই কয়েক দিন আগে চুরি হওয়া ঘড়ি।

পার্সেলে প্রেরকের নাম ও ঠিকানা উল্লেখ থাকলেও তদন্তকারীদের ধারণা, সেগুলো ভুয়া। ঘড়িটি ফেরত পাওয়ার পরও সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে টোকিও পুলিশ।

এর আগে গত আগস্টেও একই শপিং কমপ্লেক্সে বড় ধরনের ঘড়ি চুরির ঘটনা ঘটে। সে সময় ভবনটির প্রথম তলার একটি দোকান থেকে প্রায় ২০ কোটি ইয়েন মূল্যের চারটি বিলাসবহুল ঘড়ি চুরি হয়। ওই ঘটনায় দুই চিলির নাগরিককে গ্রেপ্তার করা হয় এবং পরে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

সূত্র: গালফ নিউজ

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত