ইরানে হামলায় নিজেদের ঘাঁটি ব্যবহারের অভিযোগ নাকচ ইতালির

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইতালির কোনো বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও টাজানি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাজানি বলেন, ‘ইতালি কখনো কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য কোনো ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলোর প্রতি পূর্ণ সম্মান রেখেই আমরা এই অবস্থান বজায় রেখেছি।’

একদিন আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালিতে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। রুটের বক্তব্য থেকে এমন ধারণা পাওয়া যায় যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে ইতালির ঘাঁটি ব্যবহৃত হয়েছিল।

তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগেই এ দাবি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, ইরানের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ সামরিক অভিযানে ইতালির ঘাঁটি ব্যবহার করা হয়নি।

পরবর্তীতে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তোও বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, সংশ্লিষ্ট বিমানঘাঁটিগুলো কেবল কারিগরি ও লজিস্টিক সহায়তার জন্য ব্যবহৃত হয়েছে, কোনো যুদ্ধ বা হামলা পরিচালনার উদ্দেশ্যে নয়।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়ে আলোচনা বাড়লেও ইতালি আবারও জোর দিয়ে বলেছে, তারা সংঘাতে সরাসরি জড়িত নয় এবং কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান করছে। সূত্র: আলজাজিরা