হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত পৃথক দক্ষিণাঞ্চলীয় করিডোরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির অবস্থান হলো, প্রণালিতে চলাচলকারী সব জাহাজের জন্য সমন্বিত ও পারস্পরিকভাবে সম্মত রুট থাকতে হবে।
তেহরানের মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরছে।
তিনি বলেন, ‘সমঝোতা স্মারক সত্ত্বেও হরমুজ প্রণালিকে ঘিরে উভয় পক্ষই নিজেদের শক্তি ও প্রভাব প্রদর্শনের চেষ্টা করছে।’ আসলানির মতে, সমঝোতার আওতায় নির্ধারিত ৬০ দিনের সময়সীমার মধ্যে ওমানের সঙ্গে নতুন নৌ-পরিবহন ব্যবস্থার বিস্তারিত নিয়ে কাজ করতে চায় ইরান।
তিনি জানান, ৬০ দিন পর হরমুজ প্রণালিতে প্রদত্ত সেবার জন্য ফি আদায়ের পরিকল্পনা রয়েছে তেহরানের। ইরানের দাবি, এটি কোনো টোল নয়; বরং নৌ-সেবা প্রদানের বিপরীতে আদায়কৃত অর্থ। তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ওমান যে পৃথক দক্ষিণাঞ্চলীয় করিডোর চালুর উদ্যোগ নিচ্ছে বলে আলোচনা চলছে, সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।
আসলানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের চাপের কারণে ওমান সেখানে একটি দক্ষিণাঞ্চলীয় করিডোর খুলতে চায়। ইরানের জন্য এটি গ্রহণযোগ্য নয়।’ তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে এই বিরোধের সমাধান না হলে বৃহত্তর কূটনৈতিক প্রক্রিয়াও ঝুঁকির মুখে পড়তে পারে। সূত্র: আলজাজিরা
হরমুজে বিকল্প রুটে আইআরজিসির আপত্তি
শক্তিশালী মুসলিম জোট গঠনের আহ্বান ইরানের
'লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা বলেনি যুক্তরাষ্ট্র'