ইসরায়েল-লেবানন চুক্তিকে স্বাগত জানালো ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন ইসরায়েল ও লেবাননের মধ্যকার কাঠামোগত সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। তিনি একে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফন ডার লিয়েন বলেন, ‘লেবানন যখন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে থাকে, তখন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’ একই সঙ্গে এই সমঝোতা বাস্তবায়নে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করায় তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবাননের ভেতরে রাষ্ট্রের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ নিশ্চিত করা এবং দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ন রাখা।

ফন ডার লিয়েন জানান, দীর্ঘমেয়াদি আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার এই প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।

পাশাপাশি বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে ইতোমধ্যে ১০ কোটি ইউরো, অর্থাৎ প্রায় ১১ কোটি ৪০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: আলজাজিরা