যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জন্য ইরানকেই দায়ী করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেছেন, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় তেহরান নিজেই নতুন মার্কিন হামলার পরিস্থিতি তৈরি করেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, টিএফ১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বারো বলেন, ওমানের জলসীমায় চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে ইরান শুধু আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করেনি, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া নিজেদের প্রতিশ্রুতিও ভেঙেছে।
তিনি আরও বলেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছিল, ইরান সেটিও লঙ্ঘন করেছে। তাঁর মতে, সাম্প্রতিক উত্তেজনার পেছনে তেহরানের এসব পদক্ষেপই প্রধান কারণ।
তবে একই সঙ্গে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই ধরনের সামরিক তৎপরতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত, যাতে দুই পক্ষের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ আলোচনাগুলো অনুকূল পরিবেশে এগিয়ে নেওয়া সম্ভব হয়।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফ্রান্স আবারও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সূত্র: ডন