নির্বাচনের আগে নতুন শত্রু খুঁজছেন নেতানিয়াহু: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্য কোনো সংঘাতের কারণ নেই। তবে তার অভিযোগ, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন নতুন শত্রু তৈরি করার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিদান বলেন, আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর মতো কোনো পদক্ষেপে তুরস্ক আগ্রহী নয়। বরং কূটনৈতিক উপায়ে সংকট নিরসন এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখাই আঙ্কারার অগ্রাধিকার।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে নতুন বিরোধ ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি করতে চাইছেন।

এ ধরনের নীতি শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলবে না, বরং চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করতে পারে বলেও মন্তব্য করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

ফিদানের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন পক্ষ পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার চেষ্টা করছে। সূত্র: ডন