ইরানে হামলায় যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির সমর্থনের অভিযোগ রাশিয়ার

আপডেট : ১০ জুলাই ২০২৬, ১০:২১ পিএম

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে সমর্থন দিয়েছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ অভিযোগ করেন জাতিসংঘে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি আন্না এভস্টিগনেভা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি পশ্চিমা দেশগুলোর ভূমিকার তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি কার্যত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে উৎসাহিত করেছে, অথচ ইরানের ওপর পরিচালিত এসব হামলার বিষয়ে নীরব থেকেছে।

আন্না এভস্টিগনেভা বলেন, পশ্চিমা দেশগুলোর এই অবস্থান চরম ভণ্ডামির পরিচায়ক। একদিকে তারা ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডকে উপেক্ষা করছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য আবারও এমন কিছু দেশের প্রচেষ্টাকে প্রশ্রয় দিচ্ছে, যারা বাস্তব পরিস্থিতি ও প্রক্রিয়াগত সত্য নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। এ বিষয়ে রাশিয়া গভীর হতাশা প্রকাশ করছে।

জরুরি বৈঠকে রাশিয়া ইরানকে ঘিরে চলমান পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানায়। সূত্র: ডন

AS
আরও পড়ুন