কিয়েভে ভয়াবহ রুশ হামলায় আহত অন্তত ১১ জন

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (১১ জুলাই) ভোররাতে চালানো এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় আগুন, ভবন ক্ষতিগ্রস্ত এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

রাশিয়ার এই হামলায় ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ছয়টি ট্যাকটিক্যাল ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। তাদের দাবি, ১১১টি ড্রোন এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলেও ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটে। তবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজে প্রায় দুই মিনিট পরে, ফলে অনেক বাসিন্দার নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময়ই মেলেনি। একই সঙ্গে খবরে বলা হয়েছে, সীমিত ক্ষেপণাস্ত্র মজুদের কারণে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা আরও সতর্কভাবে ব্যবহার করছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দারনিতস্কি এলাকায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে এবং সোলোমিয়ানস্কি এলাকায় তিনতলা একটি অফিস ভবন জ্বলতে থাকে। এছাড়া একটি রেল ইঞ্জিন, গুদামঘর ও একটি ফার্মেসিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুধু কিয়েভ নয়, ইউক্রেনের আরও অন্তত ১১টি অবকাঠামো স্থাপনাও এই হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জুলাই মাসের শুরু থেকে কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ধারাবাহিক হামলায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র: আলজাজিরা