২ ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ এএম

প্রতিবেশী দেশ মিয়ানমারে গত ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভারতের রাষ্ট্রীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ (এনসিএস) নিশ্চিত করেছে যে, সর্বশেষ শনিবার (১১ জুলাই) ভোররাতে দেশটিতে ৪.১ মাত্রার একটি কম্পন অনুভূত হয়। এর ঠিক আগের দিন, অর্থাৎ শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায়ও সেখানে ৪.৫ মাত্রার আরেকটি ভূকম্পন রেকর্ড করা হয়েছিল।

এনসিএস'র তথ্যমতে, শনিবারের ভূমিকম্পটি ভারতীয় সময় (আইএসটি) রাত ১২টা ২০ মিনিটে আঘাত হানে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে (আইএসটি) প্রথম দফায় কেঁপে উঠেছিল মিয়ানমার, যার কেন্দ্র ছিল ভূগর্ভের ১০০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থানের কারণেই মিয়ানমার অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। দেশটি মূলত চারটি প্রধান টেকটোনিক প্লেটের (ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা প্লেট) সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলোর অনবরত নড়াচড়া ও ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়ার কারণে এখানে নিয়মিত মাঝারি ও বড় মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়। একই সাথে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর সুনামির স্থায়ী ঝুঁকিও রয়েছে।

এদিকে পরপর ঘটে যাওয়া এই দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

YA
আরও পড়ুন