নরওয়ের নতুন রাজা হাকন অষ্টম সিংহাসনে আরোহণের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রয়াত বাবা রাজা হারাল্ড পঞ্চমকে আবেগঘনভাবে স্মরণ করেছেন। তিনি বাবাকে একজন উষ্ণ, স্নেহশীল বাবা ও নিবেদিতপ্রাণ রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেন।
শনিবার (২৯ আগস্ট) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ৫৩ বছর বয়সী রাজা হাকন বলেন, তাঁর বাবা ছিলেন তাঁর ও বোন প্রিন্সেস মার্থা লুইসের জন্য একজন অত্যন্ত ভালো বাবা। তিনি বলেন, বাবার হাসি, মানুষের সঙ্গে তাঁর সদয় আচরণ এবং পরিস্থিতি মোকাবিলার স্বাভাবিক ভঙ্গি তিনি গভীরভাবে মিস করবেন।
রাজা হাকন বলেন, তাঁর বাবা নরওয়ের জনগণকে গর্ব ও আনন্দের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে সফর, রাজপ্রাসাদের বিভিন্ন অনুষ্ঠান এবং বিদেশে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন।
বাবার পাশাপাশি মা রানি সোনিয়ার কথাও আবেগের সঙ্গে স্মরণ করেন হাকন। শনিবারই রাজা হারাল্ড ও রানি সোনিয়ার ৫৮তম বিবাহবার্ষিকী হওয়ার কথা ছিল। মাকে উদ্দেশ করে তিনি বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং বাবার জীবনে মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
রাজা হাকন জানান, তাঁর বাবা সবসময় পরিবারের সদস্যদের নিজেদের মতো করে পথ চলার এবং নিজেদের স্বকীয়তা ধরে রাখার কথা বলতেন। সেই সূত্র ধরে নতুন রাজা বলেন, ‘এবার আমার পালা।’ একই সঙ্গে তিনি জানান, সামনে তাঁর জন্য বড় দায়িত্ব অপেক্ষা করছে।
ভাষণে নরওয়ের গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন ও প্রত্যেক মানুষের সমান মর্যাদার ওপরও গুরুত্ব দেন রাজা হাকন। তিনি বলেন, নতুন রাজা ও রানি হিসেবে তিনি ও রানি মেটে-মারিত জনগণের কথা শুনতে এবং দেশের বিভিন্ন মানুষের জীবন ও পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন।
রাজা হারাল্ড পঞ্চম শুক্রবার ৮৯ বছর বয়সে মারা যান। তিন দশকেরও বেশি সময় নরওয়ের সিংহাসনে থাকা হারাল্ড আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজতন্ত্রের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে সিংহাসনে বসেন তাঁর একমাত্র ছেলে হাকন অষ্টম।
হারাল্ডের মৃত্যুর পর নরওয়েজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। রাজধানী অসলোতে রাজপ্রাসাদের সামনে হাজারো মানুষ ফুল, মোমবাতি ও শোকবার্তা নিয়ে জড়ো হয়েছেন। নতুন রাজা হাকনের সামনে এখন বাবার দীর্ঘ ও জনপ্রিয় শাসনের পর নরওয়ের রাজতন্ত্রকে নতুন যুগে এগিয়ে নেওয়ার দায়িত্ব।