ইরানের ভূখণ্ডে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের অননুমোদিত কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে তেহরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় নরওয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান।
রোববার (৪ অক্টোবর) সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি। এ সময় তিনি ইরানের ভূখণ্ডে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থার অননুমোদিত কার্যক্রম নিয়ে তেহরানের আপত্তির কথা জানান।
পিরকুহি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থার অপব্যবহার করছে। নরওয়ে এসব কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে বলেও তিনি জানান।
ইরানি কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে স্টারলিংক নেটওয়ার্কের নিবন্ধিত দেশ হিসেবে নরওয়ের ওপর নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের রেডিও রেগুলেশনস বোর্ডের সাম্প্রতিক কয়েক বছরের সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অননুমোদিত সম্প্রচার বন্ধে নরওয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য।
তবে ইরানের পক্ষ থেকে বারবার বিষয়টি জানানো হলেও নরওয়ে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন পিরকুহি। তার ভাষ্য, এতে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো আরও গুরুতর হয়ে উঠছে।
তিনি নরওয়ে সরকারের কাছে ইরানের অনুরোধ দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অননুমোদিত কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
এ সময় নরওয়ের রাষ্ট্রদূতের কাছে ইরানের আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও হস্তান্তর করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি
রিয়াদ ও খুরাইশে ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের
ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ
'এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে মার্কিন জাহাজ'