ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় বড় হামলার প্রস্তুতি রাশিয়ার

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। রোববার (৩০ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের হামলার প্রস্তুতি শুরু করেছে রুশ বাহিনী। তাদের দাবি, রাশিয়ার বেসামরিক অবকাঠামো এবং তেল ও জ্বালানি খাতে ইউক্রেনের চলমান হামলার জবাবেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত শীতেও ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে একের পর এক হামলা চালিয়েছিল রাশিয়া। এতে দেশটির জ্বালানি ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তীব্র শীতের মধ্যে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপের সংকটে পড়েছিল।

গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেন দুই দেশই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এসব হামলায় গুদাম, ব্যবসাপ্রতিষ্ঠান, তেল স্থাপনা, বন্দর ও জাহাজসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে।

রোববার রুশ সেনাবাহিনী দাবি করে, কিয়েভে একটি অ্যাসবেস্টস ও সিমেন্ট কারখানায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই কারখানার গুদামগুলোতে বিস্ফোরক রাখা হতো। একই সঙ্গে একটি ড্রোন ও গোলাবারুদ তৈরির কারখানায় হামলার কথাও জানিয়েছে রাশিয়া।

এর এক দিন আগে ইউক্রেনের রাজধানীর উপকণ্ঠে একটি গোলাবারুদের গুদামে রুশ হামলায় বড় বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩৭ জন নিহত হন।

অন্যদিকে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর সেখানে আগুন ধরে যায়।

সূত্র: আরব নিউজ