ব্রিটেনে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে তাদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, হ্যারি ও মেগান এখনো ব্যক্তিগত নাগরিক হিসেবেই থাকবেন। তারা হিজ রয়্যাল হাইনেস বা এইচআরএইচ উপাধিও ব্যবহার করতে পারবেন না। গত মাসে সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাজ্যে ফেরার পর তাদের অবস্থান নিয়ে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে কারণেই চিঠিটি পাঠানো হয়েছে।
রাজপরিবারের শীর্ষ কর্মকর্তা লর্ড চেম্বারলেনের মাধ্যমে পাঠানো চিঠিটি হ্যারির প্রতিনিধিদল, সরকারি বিভিন্ন বিভাগ, সামরিক কর্মকর্তা এবং রাজপরিবারের স্থানীয় প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্যালেস সূত্র।
চিঠিতে স্পষ্ট করা হয়েছে, হ্যারি ও মেগান কোনো অনুষ্ঠানে অংশ নিলে সেটি তাদের ব্যক্তিগত সক্ষমতায় হবে। এসব কার্যক্রমে তারা ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব করবেন না এবং সেগুলোকে রাজকীয় আনুষ্ঠানিকতা হিসেবেও বিবেচনা করা যাবে না।
২০২০ সালে যুক্তরাজ্য থেকে সরে যাওয়ার সময় হ্যারি-মেগানের সঙ্গে রাজপরিবারের যে সমঝোতা হয়েছিল, সেই স্যান্ড্রিংহাম চুক্তিও এখনো কার্যকর রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ওই সমঝোতায় রাজপরিবারের কর্মরত সদস্য থাকা এবং একই সঙ্গে নিজেদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার মধ্যবর্তী কোনো ব্যবস্থা বা অর্ধেক রাজকীয়, অর্ধেক ব্যক্তিগত অবস্থানের সুযোগ রাখা হয়নি।
রাজা চার্লসের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে হ্যারি ও মেগান সার্বভৌমের প্রতিনিধিত্বমূলক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং এরপর থেকে তারা রাজপরিবারের কর্মরত সদস্য নন। তাদের দাতব্য কর্মকাণ্ডও ব্যক্তিগত উদ্যোগ হিসেবেই পরিচালিত হবে।
এদিকে হ্যারি-মেগানকে কোনো অনুষ্ঠানে কী ধরনের অভ্যর্থনা দেওয়া হবে বা তাদের কার্যক্রমে সরকারি অর্থ ব্যবহারের প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাকিংহাম প্যালেসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
যুক্তরাজ্যে হ্যারি ও মেগানের নিরাপত্তা নিয়েও দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না পাওয়ার অভিযোগ করেছেন হ্যারি। তবে প্যালেস জানিয়েছে, এ ধরনের নিরাপত্তাসংক্রান্ত বিষয় রাজপরিবার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নির্ধারণকারী সংশ্লিষ্ট কমিটি এবং পুলিশের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
প্যালেস সূত্র জানিয়েছে, চিঠিটি গোপনে ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে স্বচ্ছতার স্বার্থেই প্রকাশ্যে আনা হয়েছে। এদিকে হ্যারি ও মেগানের প্রতিনিধিদের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। সূত্র:বিবিসি