হরমুজের মাইন অপসারণ ন্যাটোর দায়িত্ব নয়: মার্ক রুট

হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজে ন্যাটো সরাসরি যুক্ত হবে না বলে জানিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুট। ইরানের বার্তা সংস্থা ফারসের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রুট বলেছেন, হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ন্যাটোর দায়িত্বের মধ্যে পড়ে না। কারণ, এই জলপথ ন্যাটোর ভূখণ্ডের অংশ নয়। ফলে সেখানে মাইন অপসারণের মতো কার্যক্রম পরিচালনা করা জোটটির এখতিয়ারের বিষয় নয় বলে স্পষ্ট করেছেন তিনি।

তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের পরিস্থিতি যে ন্যাটোর নজরের বাইরে নয়, সেটিও জানিয়েছেন রুট। তার ভাষায়, জোটটি হরমুজে কী ঘটছে তা পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ন্যাটোর সদস্য দেশগুলো পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় করছে।

হরমুজ প্রণালিতে মাইন থাকার আশঙ্কা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। জলপথটি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সেখানে নিরাপত্তা সংকট তৈরি হলে আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সেখানে মাইন অপসারণের অভিযান নিয়েও আলোচনা হয়েছে।

রুটর বক্তব্যে তাই একদিকে হরমুজ পরিস্থিতির ওপর ন্যাটোর নজরদারি অব্যাহত রাখার বিষয়টি উঠে এসেছে, অন্যদিকে মাইন অপসারণের মতো নির্দিষ্ট সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমে জোট হিসেবে সরাসরি অংশ না নেওয়ার অবস্থানও স্পষ্ট হয়েছে। সূত্র: ডন