কাস্পিয়ান সাগরে সামরিক মহড়ার সময় ১২ সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় কাজাখস্তানের নৌবাহিনীর সাবেক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। পরে আদালত তার গ্রেপ্তার অনুমোদন করেছে।
কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক তদন্তকারীরা ওই সাবেক নৌপ্রধানকে আটক করে অস্থায়ী আটক কেন্দ্রে রাখেন। তার বিরুদ্ধে দায়িত্ব যথাযথভাবে পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর কাস্পিয়ান সাগরের উপকূলে নৌমহড়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আবহাওয়ার পরিস্থিতি হঠাৎ অবনতি হয়ে বাতাসের গতি বেড়ে গেলে ১৯ জন সেনাসদস্য সাগরে ভেসে যান। পরে তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যুর কথা জানানো হয়।
ঘটনার তদন্তে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ একটি সরকারি কমিশন গঠন করেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ায় নিহত ১২ সেনাসদস্যের তালিকাও প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
কাজাখস্তানের কাস্পিয়ান উপকূলে ২২ সেপ্টেম্বর শুরু হয় খাজার কোরগানি ২০২৬ নৌমহড়া। এতে ৫০০-এর বেশি সামরিক সদস্য অংশ নেন। মহড়ায় নৌবাহিনীর জাহাজ ও নৌযান, জল জরিপকারী জাহাজ, জাতীয় নিরাপত্তা কমিটির সীমান্তরক্ষী বাহিনীর কোস্টগার্ড ইউনিট এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর বিমান অংশ নেয়।
এই ঘটনায় ২৫ সেপ্টেম্বর কাজাখস্তানে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। একই ঘটনায় ম্যাঙ্গিস্তাউ অঞ্চলের কাস্পিয়ান উপকূলে সেনাসদস্যদের মৃত্যুর তদন্তে কয়েকজন সন্দেহভাজনের নামও প্রকাশ করেছে তদন্তকারী কর্তৃপক্ষ। সূত্র: কাজিনফর্ম