ইতালিতে ৫ মিলিয়ন ইউরোর ৩০ হাজার বোতল মদ চুরি

ইতালির অভিজাত এক মদ উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদাম থেকে প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের ৩০ হাজার বোতল মদ চুরি হয়েছে। দেশটির তুস্কানি অঞ্চলে অবস্থিত মার্চেসি আন্তিনোরি প্রতিষ্ঠানের সংরক্ষণাগারে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মদের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির বিখ্যাত তিন ধরনের লাল মদ, তিগনানেলো, সোলাইয়া ও গুয়াদো আল তাসো। ইতালির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে এ ধরনের সবচেয়ে বড় চুরির ঘটনা এটি।

প্রতিষ্ঠানটি জানায়, শনিবার (১০ অক্টোবর) বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর জন্য মদের চালান প্রস্তুত করার সময় চোরেরা গুদামে ঢোকে। মুখোশ পরা অন্তত সাতজন এই চুরিতে অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা নিরাপত্তা সতর্কসংকেত নিষ্ক্রিয় করে, নজরদারি ক্যামেরা অচল করে দেয় এবং প্রতিষ্ঠানের নিজস্ব মালবাহী যন্ত্র ব্যবহার করে দুটি বড় ট্রাকে মদের বোতল তুলে নিয়ে যায়।

মার্চেসি আন্তিনোরির প্রধান নির্বাহী রেনজো কোটারেলা ইতালির সংবাদপত্র কোরিয়েরে দেলা সেরাকে বলেন, এত বিপুল পরিমাণ ও মূল্যের মদ চুরির ঘটনা ইতালিতে আগে ঘটেছে বলে তার জানা নেই। তবে চুরি হওয়া মদ উদ্ধারের বিষয়ে তিনি আশাবাদী। তার কথায়, দুটি ট্রাকভর্তি পণ্য হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তুস্কানির সড়কগুলোতে অনেক নজরদারি ক্যামেরা রয়েছে, তাই ভাগ্য সহায় হলে অন্তত কিছু বোতল উদ্ধার করা সম্ভব হতে পারে।

ফিন্যান্সিয়াল টাইমসকে কোটারেলা বলেন, এসব মদের মূল্য অনেক বেশি। সেগুলো কীভাবে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করা হবে, অথচ কারও নজরে পড়বে না, তা তিনি বুঝতে পারছেন না। প্রতিষ্ঠানটির ধারণা, চোরেরা মদের ধরন ও মূল্য সম্পর্কে ভালোভাবে জানত। কারণ, চুরি হওয়া বোতলগুলোর প্রতিটির সাধারণ বিক্রয়মূল্য ১৫০ থেকে ৫০০ ইউরোর মধ্যে। এ থেকে চোরদের মদ সম্পর্কে বিশেষ জ্ঞান এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য জানার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

সোমবার সকালে কর্মীরা গুদামে এসে চুরির বিষয়টি প্রথম জানতে পারেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ১৩৮৫ সালে প্রতিষ্ঠিত মার্চেসি আন্তিনোরি ইতালির বৃহত্তম পারিবারিক মালিকানাধীন মদ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি। বিশ্বের ১৭০টি দেশে তাদের পণ্য রপ্তানি হয়। গত বছর প্রতিষ্ঠানটির আয় ছিল ২৬ কোটি ৩০ লাখ ইউরো।

চলতি বছর ইতালিতে মদ চুরির একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় পিয়েমন্তে অঞ্চলে দুটি চুরির ঘটনায় কয়েক লাখ ইউরো মূল্যের মদের বোতল খোয়া যাওয়ার খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি