নোবেল শান্তি পুরস্কারের অপমান হয়েছে: ট্রাম্প

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার দক্ষিণ আফ্রিকার বিচারক নাভেনথাম নাভি পিলাইকে দেওয়ার সমালোচনা করে করা একটি পোস্ট শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে নাভি পিলাইকে পুরস্কার দেওয়াকে নোবেল কমিটির মর্যাদার অবনতি এবং পুরস্কারটির প্রতি অপমান হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। গত দুই বছর ধরে নিজেই এ পুরস্কার পাওয়ার প্রত্যাশা করলেও এবারও তা পাননি ট্রাম্প।

শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি এ বছরের শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে নাভি পিলাইয়ের নাম ঘোষণা করে। পুরস্কার ঘোষণার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি এ সম্মান পাওয়ার যোগ্য বলে মনে করেন, তবে তাঁকে পুরস্কার দেওয়া হবে কি না, তা নিয়ে তার সংশয় রয়েছে। বিজয়ীর নাম ঘোষণার পর ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করলেও মার্কিন আইনজীবী ডেভিড স্কলনের করা একটি পোস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন।

ওই পোস্টে স্কলন অভিযোগ করেন, নাভি পিলাই প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী এবং দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন ও হামাসকে পুরস্কৃত করেছেন। তার দাবি, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের ভিত্তিতে আদালতে বিচার চেয়ে পিলাই একটি সাজানো তদন্ত পরিচালনা করেছিলেন। স্কলন আরও লেখেন, শান্তির পক্ষে পিলাই কোনো কাজ করেননি; বরং তার কর্মকাণ্ড শান্তির বিপরীত ছিল।

নোবেল কমিটির সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে স্কলন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে শান্তিতে নোবেল দেওয়ার বিষয়টিও টেনে আনেন। তার বক্তব্য, অতীতে আরাফাতের মতো ব্যক্তিকে এ সম্মান দেওয়া কমিটির কাছ থেকে এবারও এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা যায় না।

একই পোস্টে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করেন স্কলন। তার ভাষ্য, আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আব্রাহাম চুক্তি বাস্তবায়ন ও এর পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এ ছাড়া জিম্মিদের ফিরিয়ে আনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা, ইরানকে দমন এবং গাজা পুনর্গঠনের প্রচেষ্টাকেও ট্রাম্পের অর্জন হিসেবে তুলে ধরেন তিনি।

স্কলনের মতে, এ ধরনের অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্যই নোবেল শান্তি পুরস্কার চালু করা হয়েছিল। তবে নাভি পিলাইকে পুরস্কার দেওয়ার বিষয়ে ট্রাম্পের নিজের কোনো সরাসরি বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। 

এএস
আরও পড়ুন