আরও এফ-১৬ ও গোলাবারুদ চায় ইউক্রেন

রাশিয়ার অব্যাহত হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে আরও এফ-১৬ যুদ্ধবিমান, গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে তিনি বেলজিয়ামের রাজা ফিলিপ ও প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে বৈঠকে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, রাশিয়ার হামলায় ইউক্রেনের ভোলিন অঞ্চলে প্রায় ১৫ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। রাজধানী কিয়েভ ও এর আশপাশের কিছু এলাকাতেও আংশিক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, রাশিয়ার পুনরায় হামলার আশঙ্কায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো মেরামতের কাজ শুরু করতে পারছেন না কর্মীরা। এতে ক্ষতিগ্রস্ত এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় জেলেনস্কি বলেন, রাশিয়ার জেটচালিত শাহেদ ড্রোন প্রতিহত করতে এফ-১৬ যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউক্রেন দ্রুত আরও যুদ্ধবিমান পাওয়ার জন্য বেলজিয়ামের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

যুদ্ধবিমানগুলোর জন্য অতিরিক্ত গোলাবারুদ সরবরাহের সম্ভাবনা নিয়েও দুই নেতা আলোচনা করেছেন বলে জেলেনস্কির পোস্টে উল্লেখ করা হয়।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি বলে বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে সাক্ষাতের সময়ও জোর দেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এ সময় ইউক্রেনকে অব্যাহত সহায়তা দেওয়ার জন্য বেলজিয়ামকে ধন্যবাদ জানান তিনি।

রাশিয়ার জব্দ সম্পদ নিয়ে জেলেনস্কির অবস্থান
বৈঠকগুলোতে রাশিয়ার জব্দ করা সম্পদ যুদ্ধ চলাকালে অবরুদ্ধ রাখার বিষয়েও কথা বলেন জেলেনস্কি। তাঁর যুক্তি, মস্কোর হাতে এসব আর্থিক সম্পদের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া হলে তা ভবিষ্যতে আরও হামলায় অর্থায়ন কিংবা ইউরোপের স্থিতিশীলতা বিঘ্নিত করার কাজে ব্যবহৃত হতে পারে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, যুদ্ধবিমানের সরবরাহ এবং রাশিয়ার জব্দ সম্পদের ভবিষ্যৎ ব্যবহার—এসব বিষয় ইউক্রেনের পশ্চিমা অংশীদারদের সঙ্গে দেশটির চলমান আলোচনার গুরুত্বপূর্ণ অংশ।