হোটেলের কাঁচের জানালার পাশে বসতেই নিচে পড়ে তরুণীর মৃত্যু (ভিডিও)

ব্রাজিলে একটি হোটেলের আলগা হয়ে থাকা অ্যালুমিনিয়ামের ফ্রেমের কাঁচের জানালা দিয়ে পড়ে ২৬ বছর বয়সী এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার প্রেমিক তার পাশেই ছিলেন। ঘটনাটি এত আকস্মিকভাবে ঘটে যায় যে, তিনি কিছু বুঝতেই পারেননি।

মর্মান্তিক এ ঘটনা ঘটে গত মঙ্গলবার ব্রাজিলের মারানহো রাজ্যের সাও লুইসের পোন্টা ডি’আরিয়া হোটেলে। এই নারী ও তার প্রেমিক হোটেলটির সপ্তম তলায় রুম নিয়েছিলেন। তারা বাইরে থেকে এসে নিজেদের রুমে প্রবেশ করার সময় এ ঘটনা ঘটে।

হোটেলে থাকা সিসিটিভির ফুটেজে দেখা গেছে, নিহত নারী ও তার প্রেমিক মদ্যপ অবস্থায় হোটেলের সপ্তম তলায় এসেছেন। এরপর তারা তাদের রুমের দিকে যান। এ সময় প্রেমিককে বেশ মাতাল দেখা যায়। তখন ওই নারী হোটেল লবির কাঁচের জানালার ওপর গিয়ে বসেন। তবে এটি যে আলগা হয়েছিল সেটি তিনি জানতেন না। বসার পর সামান্য একটু পেছনের দিকে যাওয়ার পরই তিনি পড়ে যান। এ সময় তার প্রেমিক আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে নিচের দিকে তাকান। তখন হোটেলের এক কর্মী আসেন। তিনি এসে বুঝতে পারেন কেউ একজন জানালা দিয়ে পড়ে গেছেন।

পরে জানা যায় সাততলা থেকে পড়ে ওই নারী হোটেলের প্রবেশদ্বারের ওপর থাকা ছাদে গিয়ে পড়েন। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তিনি সাত তলা থেকে পড়ে এতটাই আঘাত পান যে, শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

পুলিশ এ ঘটনায় তার প্রেমিককে আটক করেছিল। কিন্তু পরে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা যায় তিনি তার প্রেমিকাকে কোনো ধরনের ধাক্কা দেননি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।