ইউক্রেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করলো তুরস্ক

উক্রেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্টের স্বাক্ষরিত সিদ্ধান্ত সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। এতে ইউক্রেন, ইউরোপীয় কমিশন, জাতিসংঘ ও কাতারের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি আন্তর্জাতিক চুক্তির কার্যকর হওয়ার তারিখ নিশ্চিত করা হয়েছে।

২০২২ সালের ৩ ফেব্রুয়ারি কিয়েভে তুরস্ক ও ইউক্রেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছিল। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্বাক্ষরিত সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিটি ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

ইউরোপীয় কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট দুটি চুক্তির কার্যকর হওয়ার তারিখও নিশ্চিত করেছে তুরস্ক। উভয় চুক্তিই ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর কার্যকর হয়। এর মধ্যে রয়েছে প্রাক্‌-যোগদান সহায়তা কর্মসূচি (আইপিএ-২) আওতায় ২০১৬ সালের বার্ষিক কর্মসূচির অর্থায়ন চুক্তির চতুর্থ সংযোজনী ও সংশ্লিষ্ট কূটনৈতিক নোট এবং ২০২০ সালের বার্ষিক কর্মসূচির অর্থায়ন চুক্তি সংশোধনের প্রটোকল।

জাতিসংঘের জলবায়ু কাঠামো সনদ, কিয়োটো প্রটোকল ও প্যারিস চুক্তির আওতায় কপ-৩১ জলবায়ু সম্মেলন আয়োজনসংক্রান্ত তুরস্ক সরকার ও জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সচিবালয়ের চুক্তি ২০২৬ সালের ২২ জুলাই কার্যকর হয়েছে।

এদিকে, তুরস্কের ভূখণ্ডে কাতারের সামরিক বিমান ও সহায়ক কর্মীদের অস্থায়ী মোতায়েন নিয়ে দুই দেশের একটি কারিগরি সমঝোতা ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে বলে প্রেসিডেন্টের সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি