আমাদের দরকার ‘রেইকিয়াভিক ২.০’

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সম্ভাব্য বৈঠক পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার কূটনৈতিক উদ্যোগে পরিণত হতে পারে। ১৯৮৬ সালে রোনাল্ড রিগ্যান ও মিখাইল গর্বাচেভের ঐতিহাসিক বৈঠকের আদলে নতুন এক নিরস্ত্রীকরণ আলোচনার আহ্বান জানিয়েছেন লেখকরা।

বুধবার (১৮ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। চীনের শেনজেনে ১৮ ও ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তাঁদের বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেউ কেউ সম্ভাব্য এই বৈঠককে দ্বিতীয় ‘ইয়াল্টা সম্মেলন’ হিসেবে দেখছেন। তবে লেখকদের মতে, বৈঠকটি হওয়া উচিত ‘রেইকিয়াভিক ২.০’। অর্থাৎ, ১৯৮৬ সালে আইসল্যান্ডের রেইকিয়াভিকে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের ঐতিহাসিক বৈঠকের আদলে পারমাণবিক অস্ত্র বিলুপ্তির লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ।

রাশিয়ান কাউন্সিল অন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বর্তমান প্রেসিডেন্ট এবং কার্নেগি মস্কো সেন্টারের সাবেক পরিচালক দিমিত্রি ত্রেনিন সম্প্রতি এক লেখায় বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্টদের একটি নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক অর্থবহ হতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি আলোচনায় রাশিয়া সহায়ক ভূমিকা রাখতে পারে বলেও তিনি মত দিয়েছেন।

তবে লেখকদের মতে, দক্ষিণ-পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পাশাপাশি বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মতো আরও বড় লক্ষ্য সামনে রাখা উচিত তিন নেতার।

১৯৮৬ সালের অক্টোবরে রেইকিয়াভিকে রিগ্যান ও গর্বাচেভের বৈঠকে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করার সম্ভাবনা তৈরি হয়েছিল। রিগ্যান প্রথমে সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের প্রস্তাব দিয়েছিলেন। জবাবে গর্বাচেভ সব পারমাণবিক অস্ত্র বিলুপ্ত করার প্রস্তাব দেন। রিগ্যান তাতে সম্মতি জানিয়ে বলেছিলেন, ‘হ্যাঁ, সবগুলোই।’ তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ শুলৎজও বলেছিলেন, ‘চলুন, এটা করি।’

কিন্তু যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ বা স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ (এসডিআই) নিয়ে মতপার্থক্যের কারণে চূড়ান্ত সমঝোতা হয়নি। গর্বাচেভ চেয়েছিলেন, এসডিআই কর্মসূচি অন্তত ১০ বছর পরীক্ষাগারের মধ্যে সীমাবদ্ধ থাকুক। কিন্তু রিগ্যান এ কর্মসূচির ওপর কোনো সীমাবদ্ধতা আরোপে রাজি হননি। ফলে ইতিহাসের অন্যতম বড় পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির সম্ভাবনা হাতছাড়া হয়।

লেখকদের মতে, চার দশক আগের সেই ব্যর্থ প্রচেষ্টাকে নতুন করে সামনে আনার সুযোগ তৈরি হয়েছে। তবে বর্তমান বিশ্বরাজনীতিতে এ ধরনের সমঝোতার পথে বড় বাধাও রয়েছে।

তিন নেতার সামনে সুযোগ ও বাধা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পারমাণবিক অস্ত্রনীতি ও কৌশলগত স্বার্থ এক নয়।

রাশিয়ার সামরিক শক্তির অন্যতম ভিত্তি তার বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার। অন্যদিকে চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্রের সক্ষমতায় মোটামুটি সমতা অর্জনের আগে তারা অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় অংশ নিতে আগ্রহী নয়। এ কারণে দেশটি দ্রুত তার পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে।

তবে লেখকদের মতে, তিন নেতারই পারমাণবিক নিরস্ত্রীকরণে আগ্রহী হওয়ার কারণ রয়েছে। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কার পর ট্রাম্প এমন একটি কূটনৈতিক অর্জন চাইতে পারেন, যা তাঁর রাজনৈতিক উত্তরাধিকারে ইতিবাচক ভূমিকা রাখবে।

পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্প অতীতেও উদ্বেগ প্রকাশ করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন, নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রয়োজন নেই। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের কাছে ইতিমধ্যে এত বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে যে তা দিয়ে পৃথিবী বহুবার ধ্বংস করা সম্ভব। অথচ দেশগুলো নতুন অস্ত্র তৈরিতে বিপুল অর্থ ব্যয় করছে, যা অন্য উৎপাদনশীল খাতে ব্যয় করা যেত।

২০১৬ সালে নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও ডেভিড স্যাঙ্গারের সঙ্গে সাক্ষাৎকারেও পারমাণবিক অস্ত্রকে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তাঁর দাবি ছিল, অস্ত্রের ধ্বংসক্ষমতা মানুষের কল্পনারও বাইরে।

২০২৫ সালের ২৩ জানুয়ারি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভাষণেও ট্রাম্প বলেছিলেন, পুতিন পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কমিয়ে আনার ধারণাকে সমর্থন করেছিলেন। চীনও এতে যুক্ত হতে পারত বলে তিনি আশা প্রকাশ করেন।

পুতিন ও শির আগের অবস্থান

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও অতীতে পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে বক্তব্য দিয়েছেন। ২০১৭ সালে সোচিতে ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবে তিনি বলেছিলেন, সর্বজনীন পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্ভব এবং রাশিয়া তা অর্জনে কাজ করবে।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা যৌথ বিবৃতিতে বলেছিলেন, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ ধরনের যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় নিরস্ত্রীকরণ নিয়ে আন্তরিক আলোচনার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছিলেন তাঁরা।

তবে ইউক্রেন যুদ্ধ এবং পুতিনের পরবর্তী পারমাণবিক হুমকির কারণে তাঁর আগের অবস্থান নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে লেখকেরা স্বীকার করেছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ২০১৭ সালে জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে দেওয়া এক ভাষণে পারমাণবিক অস্ত্রকে মানবজাতির মাথার ওপর ঝুলে থাকা ‘ড্যামোক্লিসের তরবারি’ হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে এসব অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ও শেষ পর্যন্ত ধ্বংস করা উচিত।

তবে সাম্প্রতিক সময়ে চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে অস্ত্রের সক্ষমতায় সমতা অর্জনের আগে তারা অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় অংশ নেবে না।

তিন ধাপে পারমাণবিক অস্ত্র বিলুপ্তির প্রস্তাব

এই অচলাবস্থা কাটাতে লেখকেরা ভিন্ন একটি প্রস্তাব দিয়েছেন। তাঁদের মতে, চীনকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ে অস্ত্রভান্ডার বাড়ানোর সুযোগ না দিয়ে বরং যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে চীনের বর্তমান পর্যায়ের কাছাকাছি নিয়ে আসতে পারে।

প্রস্তাব অনুযায়ী, তিনটি চার বছর মেয়াদি ধাপে মোট ১২ বছরে পারমাণবিক অস্ত্র বিলুপ্তির পথে এগোনো সম্ভব।

প্রথম ধাপ: যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার কমিয়ে চীনের বর্তমান আনুমানিক ৬০০ অস্ত্রের পর্যায়ে নামিয়ে আনবে। একই সময়ে চীন অস্ত্রের সংখ্যা আর বাড়াবে না। আস্থা তৈরির এই পর্যায়ে ইরান ও ইউক্রেনের যুদ্ধ দ্রুত বন্ধ করা, জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং শান্তিপূর্ণ উন্নয়নের পরিবেশ তৈরি করার কথাও বলা হয়েছে।

দ্বিতীয় ধাপ: বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয়, ত্রিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা হবে। প্রতিটি রাষ্ট্র কেন পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভরশীল, সেই কারণগুলো চিহ্নিত করে তা দূর করার উপায় খোঁজা হবে। এই পর্যায়ে নয়টি রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে (টিপিএনডব্লিউ) যুক্ত করার প্রস্তাব দিয়েছেন লেখকেরা।

তৃতীয় ধাপ: অস্ত্র কমানো, যাচাই এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ বিলুপ্তির কাজ সম্পন্ন হবে। প্রস্তাব অনুযায়ী, চুক্তিতে যোগ দেওয়া রাষ্ট্রগুলোকে অস্ত্রভান্ডার ধ্বংসের জন্য ১০ বছর সময় দেওয়া যেতে পারে। তবে প্রাথমিক অস্ত্রসংখ্যা ৬০০ বা তার নিচে নামিয়ে আনা গেলে চার বছরের মধ্যেই তা সম্পন্ন করা সম্ভব বলে লেখকদের ধারণা।

লেখকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জাতিসংঘ প্রতিষ্ঠার শতবর্ষ এবং হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার শতবর্ষ পালনের আগেই পারমাণবিক অস্ত্রের যুগের অবসান ঘটানো সম্ভব হতে পারে।

‘মানুষের তৈরি সমস্যার সমাধানও মানুষ করতে পারে’

লেখকদের মতে, পুতিন, শি ও ট্রাম্পের মধ্যে মতপার্থক্য থাকলেও পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা নিয়ে অতীতের বক্তব্যগুলো নতুন আলোচনার ভিত্তি হতে পারে। রিগ্যান ও গর্বাচেভ যদি চার দশক আগে এতটা কাছাকাছি পৌঁছাতে পারেন, তাহলে বর্তমান নেতাদের পক্ষেও নতুন উদ্যোগ নেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ১৯৬৩ সালের আমেরিকান ইউনিভার্সিটির সমাবর্তন ভাষণের কথা স্মরণ করেছেন লেখকেরা। কেনেডি বলেছিলেন, ‘আমাদের সমস্যাগুলো মানুষের তৈরি—তাই মানুষই সেগুলোর সমাধান করতে পারে। মানুষের যুক্তি ও চেতনা অতীতে আপাতদৃষ্টিতে অসম্ভব সমস্যার সমাধান করেছে; আমরা বিশ্বাস করি, তারা আবারও তা করতে পারবে।’

লেখকদের বক্তব্য, শেনজেনে সম্ভাব্য বৈঠকটি কেবল তিন দেশের স্বার্থ নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার নতুন উদ্যোগের সূচনা করতে পারে।

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত