জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও জনসেবার অবনতির প্রতিবাদে টানা ষষ্ঠ সপ্তাহের মতো ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। পুলিশের অতিরিক্ত ক্ষমতা ও দায়মুক্তির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
এএফপির বরাতে আয়োজকেরা জানিয়েছেন, শনিবার (২১ নভেম্বর) দেশজুড়ে বিক্ষোভে প্রায় দেড় লাখ মানুষ অংশ নিয়েছেন। লিল, মার্সেই ও লিয়নসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শিক্ষার পরিবেশ উন্নয়নের দাবিতে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে বিক্ষোভের সূচনা হয়। পরে তা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অপর্যাপ্ত জনসেবা ও পুলিশের সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়। ইউরোপের অন্যান্য দেশেও এ ধরনের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।
প্যারিসে বিক্ষোভে শিক্ষার্থী, শ্রমিক ও ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা
রাজধানী প্যারিসে হাজার হাজার মানুষ প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে জড়ো হন। পরে তাঁরা শহরের পূর্বাঞ্চলের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান।
বিক্ষোভে ছিল উৎসবমুখর পরিবেশ। বাদ্যযন্ত্রশিল্পী, খাবারের গাড়ি, বিচিত্র পোশাক এবং হাতে তৈরি প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন অনেকে। শ্রমিক সংগঠন ও বামপন্থী রাজনৈতিক দলের পতাকার পাশাপাশি শিক্ষার্থী সংগঠন এবং ইয়েলো ভেস্ট আন্দোলনের পতাকাও দেখা যায়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকারকে নাড়িয়ে দেওয়া ইয়েলো ভেস্ট আন্দোলনের অষ্টম বার্ষিকীও ছিল এ সময়।
কয়েকজন বিক্ষোভকারী সামাজিক নিরাপত্তা ও শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন জনসেবার ‘মৃত্যু’ ঘোষণা করে প্রতীকী কবর তৈরি করেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি শুধু টিকে থাকতে নয়, বাঁচতে চাই।’
শিক্ষার্থী ইউনিয়ন উনেফের মহাসচিব মানোঁ মোরে বলেন, বিভিন্ন দেশের তরুণেরা একই ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন।
তিনি বলেন, ‘বিভিন্ন দেশে তরুণেরা একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন অনিশ্চিত জীবন। তাঁদের সিদ্ধান্ত নিতে হচ্ছে, মাথা গোঁজার ঠাঁই, চিকিৎসাসেবা এবং পেট ভরে খাবার এই তিনটির মধ্যে কোনটি বেছে নেবেন।’
পুলিশের আইন নিয়ে ক্ষোভ
শুক্রবার দেশটির পার্লামেন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষা বাড়ানোর একটি আইন পাস হয়। বিক্ষোভকারীদের ক্ষোভের অন্যতম কারণ এই আইন।
একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘হত্যার লাইসেন্স চাই না।’
এএফপির হিসাব অনুযায়ী, চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৩১ জন গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগীদের বক্তব্য, তাঁদের আইনজীবীদের তথ্য এবং বিভিন্ন বেসরকারি সংস্থার নথি বিশ্লেষণ করে এ হিসাব তৈরি করেছে সংবাদ সংস্থাটি। তবে হতাহতের বিষয়ে কর্তৃপক্ষ কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি।
পুলিশ-সংক্রান্ত আইনটি পাসের পর স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ আঞ্চলিক কর্তৃপক্ষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সবচেয়ে বৈরী গোষ্ঠীগুলোর বিষয়ে ‘বিশেষভাবে সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছেন।